রাজশাহী সিরাজগঞ্জ ও জয়পুরহাটে চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে অটোরিকশাচালক খুন হয়েছেন। বাগমারা উপজেলায় ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই মারা গেছেন। সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। জয়পুরহাটের আক্কেলপুরে তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার এসব খুনের ঘটনা ঘটেছে এবং লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চারটি ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: নগরের খিরসন টিকর এলাকা থেকে গতকাল সকালে গলাকাটা অবস্থায় মাইনুল ইসলাম (২৫) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি নগরের রামচন্দ্রপুর হাদির মোড় এলাকায়, বাবার নাম মহসিন আলী।পুলিশ ধারণা করছে, মঙ্গলবার দিবাগত রাতে যাত্রীবেশী দুর্বৃত্তরা অটোরিকশাচালক মাইনুল ইসলামকে ডেকে নিয়ে তাঁর কাছে থাকা টাকা-পয়সা কেড়ে নেয়। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে লাশ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে চলে যায়। যাওয়ার সময় ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নগরের বহরামপুর এলাকায় তারা রিকশাটি ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে। বাগমারা (রাজশাহী): উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামের দুই সহোদর তপন কুমার ও রতন কুমারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ছোট ভাই রতন কলাগাছ থেকে পাতা কাটেন। এ সময় বড় ভাই তপন সেখানে উপস্থিত হয়ে এর প্রতিবাদ করেন। এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রতন তাঁর কাছে থাকা হাঁসুয়া দিয়ে এলোপাতাড়িভাবে বড় ভাইকে কোপাতে থাকেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রতন পলাতক রয়েছেন। তপনের স্ত্রী রীনা রানী বাদী হয়ে রতন ও তাঁর স্ত্রী রত্না রানীকে আসামি করে হত্যা মামলা করেছেন।সিরাজগঞ্জ: ২০০৭ সালে এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের ব্যবসায়ী আবদুর রাজ্জাকের সঙ্গে বেলকুচির সুবর্ণসাড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আঙ্গুরা খাতুনের (২৫) বিয়ে হয়। পরিবারের দাবি, এ সময় ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। পরে আরও যৌতুকের জন্য চাপ সৃষ্টি করলে তখন এক লাখ টাকা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে যৌতুকের টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার পর রাজ্জাক তাঁর স্ত্রীকে মারধর করেন। অজ্ঞান হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান জানান, গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।আক্কেলপুর (জয়পুরহাট): উপজেলার পূনঘরদীঘি গ্রামের আবাদি মাঠ থেকে গতকাল সকালে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আবু হাসান (২৫)। তিনি উত্তর বিষ্ণপুর গ্রামের আবদুল জালিলের ছেলে বলে পুলিশ জানিয়েছে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহজাহান আলী জানান, আবু হাসানকে শ্বাসরোধে হত্যার পর মাঠে ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।