
খুলনা অঞ্চলের আই-জেন আঞ্চলিক ক্যাম্প ও প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ ১৩ সেপ্টেম্বর রোববার থেকে৷ এতে অংশ নেবে খুলনা অঞ্চলের আট জেলার সেরা আটটি স্কুলদল। এদিকে গতকাল শনিবার শেষ হয়েছে সিলেট ও রাজশাহী অঞ্চলের ক্যাম্প৷ রাজশাহীতে সেরা হয়েছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়৷ আর সিলেট অঞ্চল থেকে সেরা হয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়৷ এই দুটি স্কুল দল আই-জেনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজ অঞ্চলের প্রতিনিধিত্ব করবে৷
খুলনায় আই-জেন আঞ্চলিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে খুলনার রূপসা স্ট্যান্ড রোড এলাকায় আভা সেন্টারে৷ এতে অংশ নেবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুড়া ও চুয়াডাঙ্গা জেলার আই-জেনের সেরা স্কুল দলগুলো৷ ক্যাম্প চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত৷ এই অঞ্চল থেকেও সেরা স্কুলটি অংশ নেবে আই-জেনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়৷
রাজশাহী: ‘পৃথিবী তোমাদের হাতের মুঠোয়। তোমরা যা চাইবে, তা-ই করতে পারবে। আমি বলি, তোমাদের ভালো মানুষ হতে হবে’—রাজশাহীতে আই-জেন আঞ্চলিক প্রতিযোগিতা এবং আবাসিক ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানের অতিথি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইকবাল মতিন ক্যাম্পের শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।
অধ্যাপক ইকবাল মতিন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দলের হাতে ট্রফি তুলে দেন এবং গলায় মেডেল পরিয়ে দেন। ক্যাম্পে গত শুক্রবার তাদের নিজ বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরি করা শেখানো হয়। এ বিষয়ে তাদের ধারণা দেন ক্যাম্পের প্রশিক্ষক শরীফ চৌধুরী। এরই ফাঁকে রাজশাহী আবৃত্তি পরিষদের সহসভাপতি মনিরা রহমান তাদের উপস্থাপন এবং সুন্দর বাচনভঙ্গির ওপরে প্রশিক্ষণ দেন৷ প্রতিটি দল বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরি করে৷ গতকাল শনিবার ছিল এর দলগত উপস্থাপনা। এ সময় বিচারক প্যানেলে ছিলেন বেসিস ফ্রিল্যান্স পদক বিজয়ী অর্ণব ও জিডিজি বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডর তিতাস আহমেদ।
সিলেট: সিলেট অঞ্চলের ক্যাম্পে গতকাল শনিবার বিকেলে বিজয়ী দলের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে মেতে উঠল হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তিন দিনের ক্যাম্পের শেষ দিন গতকাল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার দাস বলেন, ‘যেভাবে তোমরা নিজেদের বিদ্যালয়ের একটি ওয়েবসাইট তৈরি করলে, সেটি সত্যিই প্রশংসনীয়।’
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফূর্তি ও চ্যানেল আই। আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে সারা দেশের দুই হাজার স্কুলে৷ অংশ নিয়েছে ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী৷ এর মধ্য থেকে জেলা পর্যায়ে অংশ নিয়েছে এক হাজার স্কুলের স্কুলদল৷ জেলা পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে প্রতি জেলা থেকে একটি দল অংশ নিচ্ছে আই-জেনের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায়৷ আই-জেনের বিস্তারিত তথ্য থাকছে আই-জেনের ফেসবুক পেজ (www.fb.com/IGEN) ও প্রথম আলোর বিশেষ ওয়েব পেজে (www.prothomalo.com/igen)।