রাজশাহী সীমান্তে বিএসএফের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যু!
ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) বন্দুকের বাঁট দিয়ে পিটিয়ে এক বাংলাদেশিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মারা গেছেন আরেক এক ব্যক্তি। এ ছাড়া অন্য এক ব্যক্তির পা ভেঙে দিয়েছে বিএসএফ।গত শনিবার সন্ধ্যার দিকে রাজশাহীর পবা উপজেলার চরমাঝারদিয়ার সীমান্তে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম স্বপন (২৫)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে। বিএসএফের তাড়া খেয়ে পদ্মা নদীর শাখা নদীতে ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম শহীদ (৩০)। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামে।বিএসএফের নির্যাতনে আহত ব্যক্তির নাম ওয়াজ ঘোষ (২৫)। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর গ্রামে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শী ও স্বপনের পারিবারিক সূত্রে জানা গেছে, বিএসএফের নির্যাতনে হতাহত ব্যক্তিরা ভারতীয় গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরু এনে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে দিতেন। এ জন্য গরুপ্রতি তাঁরা এক হাজার টাকা করে পেতেন। গত শনিবার সন্ধ্যার দিকে গরু নিয়ে বাংলাদেশে আসার সময় চরমাঝারদিয়ার সীমান্তে বিএসএফ তাঁদের ধাওয়া দেয়। এ সময় তাঁরা যে যাঁর মতো দৌড় দেন। কিন্তু স্বপন ও ওয়াজ পালাতে পারেননি। বিএসএফের সদস্যরা তাঁদের বন্দুকের বাঁট দিয়ে পেটান। পরে স্বপন বাংলাদেশের সীমানা পার হয়েই মারা যান। একই সময় বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ডুবে শহীদের মৃত্যু হয়।স্বপনের পরিবারের সদস্যরা প্রথম আলোকে জানান, গত রোববার সকালে স্বপনের সঙ্গীরা তাঁর লাশ নৌকায় করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। ওই দিন সন্ধ্যায় তাঁর লাশ দাফন করা হয়।এক প্রতিবেশী প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে ভারতীয় সীমান্তে গরু আনতে গিয়ে গরুর খুরের আঘাতে স্বপনের পা কেটে গিয়েছিল। এই কারণেই গত শনিবার বিএসএফের ধাওয়া খেয়ে দৌড়াতে পারেননি তিনি। বিএসএফের হামলায় তাঁর বাঁ কানের পাশ, পিঠ ও দুই পায়ে জখম হয়েছিল।এদিকে শহীদের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সহযোগীরা গত রোববার শহীদের লাশও গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওয়াজ ঘোষ গতকাল মঙ্গলবার সকালে বলেন, ওই দিন বিএসএফ তাঁকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক পেটায়। তাঁর মাথায়ও সমানে আঘাত করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি বলেন, উপুড় হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর হয়তো তাঁকে মৃত ভেবে চলে গিয়েছিল বিএসএফ। পরে সহযোগীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানতে পারেন তিনি।হাসপাতালের একজন সেবিকা বলেন, শনিবার দিবাগত রাত একটার দিকে ওয়াজ ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোর চারটা পর্যন্ত তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। তাঁর মাথায় ৪০টির মতো সেলাই দেওয়া হয়েছে। তাঁর ডান হাত ফুলে গেছে। ডান পা ভেঙে গেছে।দুজনের মৃত্যু ও একজনের আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ৩৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরিফ প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে এ ধরনের কোনো খবর নেই। তিনি বলেন, এমন হতে পারে, আহত হয়ে এসে কেউ পরে মারা গেছেন। তবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে জানানো হয়নি।