রাজশাহী সীমান্তে ৭ মাসে ২৩ কোটি টাকা শুল্ক আদায়
রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা ভারতীয় গবাদিপশু থেকে ২০১৫ সালে শুল্ক আদায় হয়েছিল ৬ কোটি ৯০ লাখ টাকা। চলতি বছরের সাত মাসেই সেই শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৭৫ লাখ টাকা, যা গত বছরের তুলনায় তিন গুণের বেশি।
গতকাল রোববার এক মতবিনিময় সভায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত দিয়ে গবাদিপশু পারাপার ও শুল্ক আদায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনায় এটি সম্ভব হয়েছে।
বেলা ১১টায় বিজিবির রাজশাহী সদর দপ্তরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল শাহজাহান সিরাজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, রাজশাহী সীমান্ত দিয়ে ২০১৫ সালে ৯০ হাজার ৮৭টি গরু, ৪৭ হাজার ৮০৯টি মহিষ ও ১৪টি উট বাংলাদেশে ঢোকে। এ থেকে আয় হয়েছে ৬ কোটি ৭০ লাখ ৩২ হাজার টাকা। আর চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত বাংলাদেশে এসেছে ৪ লাখ ৪ হাজার ৮৮৩টি গরু, ৫০ হাজার ২২৬টি মহিষ ও ১০টি ছাগল। এখান থেকে শুল্ক আদায় হয়েছে ২২ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা।
মতিউর রহমান বলেন, অতীতে গরু আনা-নেওয়ার ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ছিল না। শুল্ক আদায়ে ছিল না শৃঙ্খলা।