রাজশাহী সড়ক ভবনে ঠিকাদারদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বিলের দাবিতে রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঠিকাদারেরা গতকাল বুধবার রাজশাহী সড়ক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন।পরে এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, বকেয়া বিল না পাওয়া পর্যন্ত এই তালা খোলা হবে না। এক সপ্তাহের মধ্যে বিল পরিশোধ করা না হলে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করা হবে।গতকাল বুধবার সড়ক ভবন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী অঞ্চলের ঠিকাদারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার শাহজাহান আলী। এতে বলা হয়, জরুরি পুনর্বাসন প্রকল্পে রাজশাহী জোনে ১৪৬ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। এর ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এই কাজে ঠিকাদারেরা মোট পাওনা হয়েছেন ১৩৩ কোটি টাকা। এর বিপরীতে পাওয়া গেছে মাত্র ১৩ কোটি টাকা। জেলা সড়কে ২৩০ কোটি টাকার দরপত্র আহ্বান করে। এর শতভাগ কাজ শেষ হয়েছে। অথচ এর বিপরীতে মাত্র ১৬ কোটি টাকা পাওয়া গেছে। লিখিত বক্তব্যে বলা হয়, পাওনাদার ও ব্যাংকঋণের সুদ মাথায় করে পরিবার-পরিজন নিয়ে ঠিকাদারদের রাস্তায় নামার উপক্রম হয়েছে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার আতিকুর রহমান, আ. আওয়াল, হারুনুর রশীদ, কোরবান আলী, সাঈদ হাসান, আনিসুর রহমান প্রমুখ। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঠিকাদারেরা সড়ক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এরপর তাঁরা ভেতরে গিয়ে নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তাঁদের কার্যালয় থেকে বের করে তালা লাগিয়ে দেন।