রাজশাহী 'বিভাগীয় ইনোভেশন অ্যাওয়ার্ড' পেলেন পাঁচ ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এটুআই’ কর্মসূচির সহায়তায় এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে রাজশাহী সার্কিট হাউসে গতকাল শনিবার ‘ইনোভেশন সার্কেল’ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকসহ পাঁচ ব্যক্তিকে ‘বিভাগীয় ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৬’ প্রদান করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম, পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহা. শওকাত আলী, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ ও পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার লিয়াকত আলী শেখ।
অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে কলেজ পরিচালনার জন্য এই পুরস্কার পেয়েছেন হবিবুর রহমান, ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ভাতা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য পেয়েছেন আনোয়ার ইমাম, মিসকেস নিষ্পত্তি সহজীকরণের জন্য শওকাত আলী, সিটিজেন চার্টার জার্নালিজমে বিশেষ অবদানের জন্য আবুল কালাম মুহম্মদ আজাদ ও নাগরিক সেবা প্রদানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দৃষ্টান্ত স্থাপনের জন্য পেয়েছেন লিয়াকত আলী শেখ। সম্মাননা হিসেবে তাঁদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এন এন ছিদ্দিক, মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) ভারপ্রাপ্ত সচিব এন এম জিয়াউল আলম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহম্মদ, ওবিআরটি-এর চেয়ারম্যান নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ।