রাজশাহীকে আধুনিক নগর করতে যা যা চান সাংসদ
রাজশাহীর বন্ধ রেশম কারখানা দ্রুত চালুর দাবি জানিয়েছেন সাংসদ ফজলে হোসেন বাদশা। পাশাপাশি তিনি রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন, রাজশাহী-চট্টগ্রাম সরাসরি ট্রেন চালু এবং রাজশাহীকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছেন।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাজশাহীকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে এমন বিভিন্ন দাবি উপস্থাপন করেন সাংসদ। রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক ও সাদরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সাংসদ তাঁর দুই মেয়াদে রাজশাহীতে যেসব উন্নয়ন করেছেন, তার ফিরিস্তি তুলে ধরেন। পাশাপাশি তিনি রাজশাহীর উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন, ভবিষ্যতে যার সুফল পাওয়া যাবে, বিভিন্ন সময় যেসব দাবি তিনি সংসদে উত্থাপন করেছেন, সব বিষয়ে কথা বলেন।
দ্রুত রাজশাহী রেশম কারখানা চালুর দাবি জানিয়ে ফজলে হোসেন বলেন, ঈদের পর এ নিয়ে রেশম বোর্ডের সঙ্গে বসা হবে। পাশাপাশি কর্মসংস্থানের জন্য বর্তমানে ভাগাড় হয়ে পড়ে থাকা রাজশাহী টেক্সটাইল মিল চালুর দাবি জানা। সাংসদ আরও বলেন, তিনি রাজশাহী বিমানবন্দর চালু করেছেন। এখন বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের করা হবে। তিনি এর রানওয়ে সম্প্রসারণের চেষ্টা করছেন। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হলে রাজশাহী থেকে কৃষিপণ্য পৃথিবীর বিভিন্ন দেশে সরাসরি পাঠানো যাবে। হজ ফ্লাইট ও কলকাতা ফ্লাইট চালু করা যাবে।
ফজলে হোসেন বলেন, চট্টগ্রামের সঙ্গে রাজশাহীর সরাসরি রেল যোগাযোগ স্থাপনের দাবির কথা তিনি সংসদে তুলেছেন। এ জন্য নাটোরের আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ৪৬ কিলোমিটার রেলপথ মিটারগেজ করতে হবে।
রাজশাহীতে জন্মেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, কবি রজনীকান্ত সেন। এখানেই বাস কথাশিল্পী হাসান আজিজুল হকের। অথচ রাজশাহী আজ সংস্কৃতিতে পিছিয়ে। সে কথা উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী সাধারণ গ্রন্থাগারকে আধুনিক মডেলে নতুন করে নির্মাণ করা হবে। লক্ষ্য একে সংস্কৃতিচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
রাজশাহীতে আইটি ভিলেজের কাজ এগিয়ে যাচ্ছে। দুই বছরের মধ্যে এর ফল পাওয়া যাবে। ১০ হাজারের বেশি শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। সাংসদ বলেন, সরকার প্রত্যেক সাংসদকে এলাকার উন্নয়নের জন্য ২০ কোটি টাকা দিয়েছিল। তার ভাগের টাকা সিটি করপোরেশনের উন্নয়নের জন্য দিয়ে দিতে বলা হয়েছিল। তিনি দিয়েছেন। এখন তারা কী কাজ করল, তিনি দেখবেন।
সাংসদ বলেন, রাজশাহী বিমানবন্দর সড়ক ও তালাইমারী থেকে কাটাখালী পর্যন্ত সড়ক চার লেনের করা হবে। তবে তাঁর দাবি, বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চার লেনের করতে হবে। সাংসদ আরও চান, রাজশাহীর গরিব মানুষের জন্য এমন আবাসন প্রকল্প, যা তাদের আয়ের সঙ্গে সংগতিপূর্ণ হয়। রাজশাহীকে আধুনিক ও ব্যতিক্রমধর্মী নগর হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য শুধু ব্যক্তিগত প্রচেষ্টা নয়, সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন তিনি।