রাজশাহীতে অধ্যক্ষ গ্রেপ্তার, অশ্লীল সিডি জব্দ
চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলা এবং আপত্তিকর সেসব দৃশ্য ইন্টারনেট ও মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত শনিবার রাতে রাজশাহীতে একটি কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর বাসা থেকে অশ্লীল ভিডিওচিত্রের সিডি ও কম্পিউটার সরঞ্জাম জব্দ করা হয়েছে।গ্রেপ্তার হওয়া অধ্যক্ষের নাম মেহেদী হাসান (৩০)। তিনি রাজশাহীর বাগমারা আদর্শ মহিলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ। তাঁর বাড়ি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ গ্রামে। রাজশাহী নগরের উপশহর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি।রাজশাহী নগরের বিনোদপুরে র্যাব-৫-এর কার্যালয়ে গতকাল রোববার বিকেলে ওই অধ্যক্ষকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি তাঁর দোষ স্বীকার করে বলেন, ‘আমি ভুল করেছি।’সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মেহেদী হাসান ২০০২ সাল থেকে বাগমারা আদর্শ মহিলা টেকনিক্যাল কলেজের সঙ্গে জড়িত। তিনি উচ্চতর ডিগ্রি নেওয়ার কথা বলে রাজশাহী শহরের ঘোষপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। কলেজে চাকরি দেওয়ার নাম করে তিনি মেয়েদের এ বাড়িতে নিয়ে আসতেন এবং তাঁদের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তুলতেন, আর গোপনে এ দৃশ্য ল্যাপটপের ওয়েব ক্যামেরার মাধ্যমে ধারণ করতেন। পরে এসব দৃশ্য দিয়ে সিডি বানিয়ে তা বাজারে ও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগী মেয়ে ও তাঁদের পরিবারকে জিম্মি করে ফেলেন।র্যাবের ভাষ্য, চাঁপাইনবাবগঞ্জের দুই বোন এ কলেজশিক্ষকের প্রতারণার শিকার হন। শিক্ষকের প্রতারণার শিকার হয়ে বড় মেয়েটির সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়। পরে পরিবারের পক্ষ থেকে মেয়ে ও তাঁর স্বামীকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। একই কায়দায় ছোট বোনকেও জিম্মি করেন ওই শিক্ষক। আপত্তিকর এসব দৃশ্য ফাঁস করে দেওয়ায় মেয়েটির সংসার ভেঙে যায়।র্যাব বলেছে, এ অবস্থায় বাধ্য হয়ে মেয়ে দুটির পরিবার র্যাবের কাছে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে র্যাবের সদস্যরা শনিবার রাতে নগরের স্টেশন এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেন। পরে তাঁর উপশহরের বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে নয়টি অশ্লীল ভিডিও ক্লিপ, ওয়েব ক্যামেরা ও কম্পিউটার উদ্ধার করা হয়।র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুর রহমান বলেন, মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করা হবে। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হলে অন্যরা এ ধরনের ভয়ংকর কাজ করতে সাহস পাবে না।শিক্ষক মেহেদীকে গতকালই নগরের বোয়ালিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করার কথা।