রাজশাহীতে অবরোধের আগেই পুড়ল ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ শুরুর আগেই গতকাল শনিবার রাতে রাজশাহীর কাপাসিয়ায় পেট্রলবোমা ছুড়ে একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ১৮-দলীয় জোটের অবরোধ।
এলাকার অনেকে, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটিতে প্লাস্টিকের ক্যারেট (খাঁচা) সাজানো ছিল। রাত পৌনে আটটার দিকে ট্রাকটি নগরের কাপাসিয়া এলাকায় এলে দুর্বৃত্তরা রাস্তায় দাঁড়িয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করে। বিপদ বুঝতে পেরে দূর থেকে চালক ট্রাকটি ঘোরানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন লেগে যায়। ট্রাকচালক তখন ট্রাকটি ফেলে পালিয়ে যান।
ফায়ার সার্ভিসের লিডার আবুল কাশেম জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই সব ক্যারেটসহ ট্রাকটির ইঞ্জিনের অংশ পুড়ে যায়। তাঁরা ধারণা করছেন, ট্রাকটি ক্যারেট নিয়ে গোদাগাড়ীতে টমেটো অথবা সোনামসজিদ স্থলবন্দরে ফল আনতে যাচ্ছিল।