রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে পুলিশের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষ
রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বস্তিবাসী ও পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগরের কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ বস্তিবাসী পুলিশের একটি পিকআপ ভ্যান ও সিটি করপোরেশনের তিনটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ, রাজশাহী সিটি করপোরেশন ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার বহরমপুর মোড় থেকে কোর্ট স্টেশন পর্যন্ত সিটি বাইপাস ও রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। গতকাল বেলা ১১টার দিকে ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলামের নেতৃত্বে মহিষবাথান এলাকায় বাইপাস সড়ক ও রেললাইনের মাঝের অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বস্তিবাসী লাঠিসোঁটা, দা-কুড়াল নিয়ে উচ্ছেদ অভিযান প্রতিহত করার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং ম্যাজিস্ট্রেটকে ধাওয়া করে। পুলিশের সঙ্গে বস্তিবাসীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। বস্তির লোকজন রাজপাড়া থানার পুলিশের একটি পিকআপ ও বুলডোজারসহ সিটি করপোরেশনের তিনটি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশ পিছু হটে। এ সময় লোকজন আগুন জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস সড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বস্তিবাসী রাবেয়া খাতুন বলেন, ‘চার-পাঁচ দিন আগে সিটি করপোরেশন থেকে মাইকিং করে উচ্ছেদের বিষয়টি জানানো হয়। কিন্তু আমরা সিটি করপোরেশনের জমিতে নেই। তার পরও করপোরেশনের লোকজন আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে।’রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, ইটের আঘাতে পুলিশের ছয় সদস্য আহত হন এবং পুলিশের পিকআপের কাচ ভেঙে যায়। এ ঘটনার পর উচ্ছেদ অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে।