রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মসলা ও সেমাই
রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা ও সেমাই উৎপাদনের দায়ে গতকাল সোমবার বিকেলে দুটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানা দুটি হচ্ছে রাজশাহী নগরের রানীবাজার এলাকার জনি মসলা কারখানা ও নগরের বিসিক এলাকার শাহী ফুড ইন্ডাস্ট্রিজ।
মসলা কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে মালিকের ২০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন শরীফ আসিফ রহমান, রহিমা সুলতানা ও শারমিন আক্তার। সঙ্গে ছিলেন বিএসটিআইর পরিদর্শক আজিজুল হাকিম ও মাঠ কর্মকর্তা জুনায়েদ আহাম্মেদ।
ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান জানান, মসলা কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্যাকেটজাত করা হচ্ছিল। তাদের ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে সঙ্গে জরিমানা পরিশোধ না করায় একজন কর্মচারীকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে কারখানার মালিক গিয়ে জরিমানার টাকা পরিশোধ করেন।