রাজশাহীতে আ.লীগ নেতার বাড়িতে লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে আবদুল খালেক নামের আওয়ামী লীগের এক নেতার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে নগরের মতিহার থানার মিজানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, দুই মাস আগের একটি হত্যার ঘটনার বদলা নিতেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নগরের মতিহার থানায় গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে প্রতিপক্ষের বাবর ও আসাদুলের নেতৃত্বে ২০-২৫ জন মিজানের মোড় এলাকার  আওয়ামী লীগের কাটাখালী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল খালেকের বাসায় হামলা চালান। এ সময় তাঁরা তাঁর পুত্রবধূ রানী ও মা জোলেখার স্বর্ণালংকার ছিনিয়ে নেন। একপর্যায়ে তাঁরা ওই নেতার দোকান ও বসতঘরে আগুন লাগিয়ে দেন।
আবদুল খালেকের স্ত্রী জাহেমা বেগম জানান, পরিবারের পুরুষ সদস্যদের নামে হামলাকারীরা আগেই একটি মামলা দিয়ে রেখেছেন। এ জন্য দুই মাস ধরে তাঁরা পলাতক।
মতিহার থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ বলেন, হামলা ও লুটপাটের অভিযোগে জাহেমা বেগম বাদী হয়ে জিয়ারুলের সমর্থক বাবর, আসাদুলসহ ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।