রাজশাহীতে আ.লীগের মিছিলে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের একটি মিছিলে হামলা চালিয়ে দলের এক নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিমের নেতৃত্বে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি মিছিল মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পূর্ব পাশে দৈনিক বার্তা ভবনের সামনে পৌঁছালে সাত-আটজনের একটি সশস্ত্র দল মিছিলে হামলা চালায়। হামলাকারীরা বোয়ালিয়া থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেনের মাথা, পেট, পিঠ ও পায়ে ছুরিকাঘাত করে। পরে মিছিলকারীদের ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।আহত আলমগীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। এটা দলীয় ব্যাপার নয়। তিনি বলেন, কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ করতে আসেনি।