রাজশাহীতে আ.লীগের মিছিলে হামলায় আহত নেতার মৃত্যু
রাজশাহীতে গত মঙ্গলবার দুর্বৃত্তদের হামলায় আহত আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন (৩০) চিকি ৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় মারা গেছেন। আওয়ামী লীগের একটি মিছিলে হামলা চালিয়ে গত মঙ্গলবার আলমগীরকে ছুরিকাঘাত ও জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় আনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকি ৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত আলমগীরের বাবার নাম জাকির শেখ। তাঁর বাড়ি রাজশাহীর বোয়ালিয়ার টিক্কাপাড়ায়।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সারা দেশে জামায়াত-শিবিরের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত মিছিলে যোগ দিতে অন্যান্যের সঙ্গে মিছিল নিয়ে যাচ্ছিলেন আলমগীর। বিকেল সাড়ে পাঁচটার দিকে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিমের নেতৃত্বে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি মিছিল মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পূর্ব পাশে দৈনিক বার্তা ভবনের সামনে পৌঁছালে সাত-আটজনের একটি সশস্ত্র দল ওই মিছিলে হামলা চালায়। হামলাকারীরা নগরের বোয়ালিয়া থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন ওরফে পিন্টুর মাথা, পেট, পিঠ ও পায়ে ছুরিকাঘাত করে। পরে মিছিলকারীদের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। আহত আলমগীরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ ও দলীয় সূত্র জানায়, রেলওয়ের ঠিকাদারি নিয়ে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা যুবলীগের কর্মী আলাল পারভেজ ওরফে লুলু এবং রাজার মধ্যে দ্বন্দ্ব চলছে। এ দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে আলমগীরের ওপর হামলা চালানো হয়েছে বলে সূত্রের দাবি।পুলিশ সূত্র জানায়, আহত আলমগীর পুলিশকে বলেছেন, রাজার নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তবে যুবলীগের কর্মী রাজা বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন।