রাজশাহীতে মেট্রোপলিটন সেশন জজ আদালত প্রতিষ্ঠা ও বিচারকশূন্য সব কটি আদালতে বিচারক নিয়োগের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করা হয়েছে। রাজশাহী আইনজীবী আন্দোলন কমিটির ব্যানারে আদালত চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা হয়।এতে উপস্থিত ছিলেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমসেদ আলী, আন্দোলন কমিটির আহ্বায়ক সিরাজী এলেন, কামরুল মনির, এনামুল হক, এন্তাজুল হকসহ প্রায় শতাধিক আইনজীবী। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন হয়।মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে এন্তাজুল হক বলেন, ‘রাজশাহীতে মেট্রোপলিটন সেশন জজ আদালত প্রতিষ্ঠা করা এখন আইনজীবীদের প্রধান দাবি। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ তিনি আরও বলেন, বর্তমানে রাজশাহীর সাতটি আদালতে কোনো বিচারক নেই। তিনি জরুরি ভিত্তিতে রাজশাহী আদালত থেকে মামলার জট কমাতে বিচারক নিয়োগের দাবি জানান।