রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনী'সীমা লঙ্ঘন' করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘সীমা লঙ্ঘন’ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেছেন, আন্দোলন করা একটা রাজনৈতিক নাগরিক অধিকার। সে অধিকার সংবিধান নিশ্চিত করেছে। সে অধিকার স্তব্ধ করে দেওয়ার জন্য অযাচিত এবং অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ করা যায় না। সেটি মানবাধিকারের লঙ্ঘন। এটা আইনশৃঙ্খলা বাহিনী জানে, না জেনে থাকলে তাদের জানা দরকার যে তারা এখানে সীমা লঙ্ঘন করেছে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান এসব কথা বলেন। বিভিন্ন দাবিতে আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মঞ্চ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে। আজ মানবাধিকার কমিশনের কার্যালয়ে কমিটির প্রতিনিধিরা কমিশনের চেয়ারম্যানের কাছে কমিটির প্রতিবেদন জমা দেন। সঙ্গে একটি সিডিও দেওয়া হয়। এর পরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিজানুর রহমান।

কমিটির সদস্য আরিফ রেজা মাহমুদ জানান, ওখানে এক ধরনের প্রাতিষ্ঠানিক সহিংসতা ঘটেছে। অজ্ঞাতানামা দিয়ে মামলা হয়েছে। এ অবস্থায় অনেকে হাসপাতালে চিকিত্সা নিতে পারছেন না। একটি ট্রুথ কমিশন গঠন করে পুরো বিষয়টির তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করার সুপারিশ তুলে ধরেন তিনি।

পরে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ঘটনার পর ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন। উল্লেখ করেছেন, গণমাধ্যমে যাদের ছবি ছাপা হয়েছে, যারা অস্ত্র উঁচিয়ে ধরে গুলি করেছে, তাতে আইন লঙ্ঘন হয়েছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কাকে আটক করা হয়েছে, তা কমিশনকে জানানো হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো ওই পত্রের উত্তর দেয়নি। তিনি বলেন, ‘প্রতিশ্রুতি দিচ্ছি, ওই চিঠির আলোকে আবার চিঠি দেব। যাদের অস্ত্র হাতে দেখেছি, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা জানতে চাইব।’

কমিশনের চেয়ারম্যান আরও বলেন, যারা ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে হবে। ‘জামায়াত-শিবির’ করেছে বলে অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। তিনি মনে করেন, যাঁরা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যেসব শিক্ষার্থী আহত হয়েছেন, শুধু হয়রানি ও আটক হওয়ার ভয়ে যাঁরা হাসপাতালে থাকতে ও চিকিত্সা নিতে পারছেন না, তাঁদের যেন হয়রানি না করা হয়, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে আহ্বান তিনি।

কমিটির সদস্যরা জানান, ওই প্রতিবেদনটি ৪০ পৃষ্ঠার। ৪ ফেব্রুয়ারি গঠিত ওই কমিটির সদস্য সংখ্যা ছিল আট।

শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর গুলি চালানোর বৈধতা নিয়ে আজ মঙ্গলবার একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

অধ্যাপক আকমল হোসেন, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিক উল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহম্মদসহ ১৪ জন বিশিষ্ট নাগরিক রিটের আবেদনকারী।

আবেদনকারীদের কৌঁসুলি জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের কারণ জানতে চেয়ে ১১ ফেব্রুয়ারি আইনি নোটিশ পাঠানো হয়। এতে ২৪ ঘণ্টার মধ্যে কারণ জানাতে বলা হয়। কিন্তু এখন জবাব না আসায় আজ রিটটি করা হয়। রিটে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর গুলিবর্ষণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ও মতিহার থানার ওসিকে বিবাদী করা হয়েছে।