রাজশাহীতে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে গত শনিবার রাতে একটি বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা, তিনটি ছাগল ও তিনটি হাঁস মারা গেছে। পরিবারের লোকজনের ধারণা, বাইরে থেকে কেউ রাতে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।
নিহত বৃদ্ধার নাম লাবণ্য প্রভা (৮৫)। তাঁর স্বামীর নাম নিরঞ্জন কুমার।
তাঁদের বাড়িতে তিনটি ঘর। পূর্ব ও দক্ষিণ দুয়ারি ঘরে লাবণ্য প্রভার দুই ছেলে সঞ্জীব কুমার মণ্ডল (৫০) ও সুশীল কুমার মণ্ডল (৪৫) পরিবার নিয়ে থাকেন। আর উত্তর দুয়ারি ঘরে লাবণ্য প্রভা থাকতেন। এটি দুই কক্ষবিশিষ্ট ঘর। ঘরের বারান্দা ঘিরে আরও একটি কক্ষ রয়েছে। সেটাতে লাবণ্য প্রভা ঘুমিয়েছিলেন। এটি মাটির ঘর। ওপরে টিনের চালা। আগুনে টিন পুড়ে চালা ভেঙে নিচে পড়ে গেছে। ঘরের দেয়ালও পড়ে গেছে। এই ঘরে তিনটি ছাগল ও তিনটি হাঁস ছিল।
সঞ্জীব কুমার মণ্ডল বলেন, রাত সোয়া একটার দিকে তিনি তাঁর ঘরের দরজা খুলে বাইরে এসে দেখেন তাঁর মায়ের ঘর পুড়ে গেছে। সবাইকে জাগিয়ে তিনি মাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে দগ্ধ অবস্থায় পান। আগুনের ভেতরে ঝাঁপ দিয়ে মাকে বের করতে গিয়ে তিনিও আহত হন। ততক্ষণে তাঁর মা মারা গেছেন। তিনি বলেন, মায়ের ঘরের সবই পুড়ে গেছে। ৪০ হাজার টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালংকার রাখা ছিল। সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে বাড়ির বাইরে তাঁদের একটি খড়ের পালা ছিল, সেটিও রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ থেকে তাঁরা ধারণা করছেন, শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আলম বলেন, আপাতত এটি নাশকতার কোনো ঘটনা বলে মনে হচ্ছে না। বাড়িতে বিদ্যুতের লাইন ছিল। শর্টসার্কিট হয়েছে কি না, তদন্ত না করে তা বলা যাচ্ছে না। আবার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগও করা হয়নি।