রাজশাহীতে আজ কবিতা মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল’ কবিতার এই স্লোগান সামনে রেখে রাজশাহীতে আজ শুক্রবার থেকে কবিকুঞ্জের আয়োজনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবিতা মেলা।
নগরের শাহ মখদুম কলেজ চত্বরে সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। মেলার প্রথম দিন প্রয়াত ভাষাসংগ্রামী বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে এবং দ্বিতীয় দিন প্রয়াত ভাষাসংগ্রামী সাইদ উদ্দিন আহমেদ ও প্রয়াত কবি মঞ্জুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। মেলার দুটি পর্ব থাকবে।
প্রথম পর্ব সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় পর্ব বিকেল চারটায় শুরু হয়ে রাত নয়টায় শেষ হবে। প্রথম পর্বে সভাপতিত্ব করবেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।
মেলায় নির্বাচিত কবিদের স্বকণ্ঠে কবিতাপাঠ, অতিথিদের অভিভাষণে কবিকুঞ্জ সাহিত্যপত্রর মোড়ক উন্মোচন ও গণসংগীত পরিবেশন করা হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ, পশ্চিমবঙ্গের কবি মৃণাল বসুচৌধুরী প্রমুখ।