রাজশাহীতে আঞ্চলিক গণিত উৎসব আজ
রাজশাহীতে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১১-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। সকাল সাড়ে আটটায় শহরের রাজশাহী কলেজিয়েট স্কুলে এই উৎসব শুরু হবে।জানা গেছে, উৎসব উপলক্ষে ঢাকা থেকে আসছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও গণিতবিদ লুৎফুজ্জামান। এ ছাড়া উপস্থিত থাকবেন রাজশাহীর খ্যাতনামা গণিতবিদেরা।আঞ্চলিক এই গণিত উৎসবে অংশ নিতে ৪ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের এক হাজার ৯৪ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করে। এর মধ্যে প্রাথমিক শ্রেণী শাখায় রয়েছে ১৮৩ জন, জুনিয়র শাখায় ৩৪০ জন, মাধ্যমিক শাখায় ২৭১ জন ও উচ্চমাধ্যমিক শাখায় রয়েছে ৩০০ জন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে আগত শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে আসতে হবে। প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। উৎসবের পরীক্ষা পর্বে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো ব্যাগ সঙ্গে আনা যাবে না।