রাজশাহীতে আট পুলিশ তিন দিনের রিমান্ডে
রাজশাহীতে চিকিৎসক পরিবারকে জিম্মি করে এক লাখ টাকা আদায়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের আট সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর বিচারিক হাকিম এফ এম মেজবাউল হক এ রিমান্ড মঞ্জুর করেন।দুপুর সাড়ে ১২টার দিকে প্রিজনভ্যানে করে পুলিশের আট সদস্যকে আদালত প্রাঙ্গণে আনা হয়। গাড়ি থেকে নামার সময় মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) তৌফিকুল ইসলাম ছাড়া অন্য পুলিশ সদস্যদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।গাড়ি থেকে নামিয়ে এজলাসে নেওয়ার সময় সাংবাদিকেরা তৌফিকুলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি যেতে যেতে বলেন, ‘এগুলো সব সাজানো নাটক। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।’ ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত জানতে চাইলে তিনি বলেন, ‘আশরাফুল, মোহাম্মদ আলী ও কাইলা রানা।’ এদের পরিচয় প্রসঙ্গে তৌফিকুল বলেন, ‘ওই ডাক্তারের (এ আর বাসুনিয়া) বাড়ির পাশে আশরাফুলের দোকান আছে। আর কাইলা রানাকে সবাই চেনে। সন্ত্রাসী। ও দীর্ঘদিন থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল।’ মোহাম্মদ আলীর পরিচয় বলতে পারেননি তৌফিকুল।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আট পুলিশ সদস্যের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাঁদের রাজপাড়া থানায় আনা হয়। এদিকে গতকালও চিকিৎসক এ আর বাসুনিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তারা মুঠোফোনও ধরেনি। যোগাযোগ করা হলে বাসুনিয়ার শ্যালক মাসুদুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমার ভগ্নিপতি দীর্ঘদিন বিদেশে ছিলেন। তাঁর বয়স হয়েছে। তাঁর এখন হূদ্যন্ত্রের সমস্যা। এসব বিষয় মোকাবিলা করার মতো তাঁর শারীরিক ও মানসিক অবস্থা এখন নেই। তা ছাড়া কখন কোন দিক দিয়ে আবার কোন বিপদ আসে, এ নিয়ে আমরা আতঙ্কে আছি।’এসি তৌফিকুল, রাজপাড়া থানার দুজন উপপরিদর্শক ও পাঁচজন কনস্টেবল ১৭ আগস্ট সন্ধ্যায় চিকিৎসক এ আর বাসুনিয়ার বাসায় ঢুকে তাঁদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করেন। এ ঘটনা জানাজানি হলে ওই দিন রাতে তৌফিকুলকে মহানগর পুলিশের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অন্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরদিন বাসুনিয়া মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি আট পুলিশের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে গত শনিবার প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে এ আর বাসুনিয়ার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে রাজপাড়া থানা। গত সোমবার সকালে আট পুলিশ সদস্যকে রাজশাহী পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করা হয়।