রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের সম্মেলন
‘তারুণ্যই শক্তি, আদিবাসীদের মুক্তি’ স্লোগান সামনে রেখে আদিবাসী ছাত্র পরিষদের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজশাহী আলুপট্টি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি এবং জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন এবং প্রধান বক্তা ছিলেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং।
সমাবেশে ফজলে হোসেন বাদশা বলেন, ভূমিদস্যুদের অত্যাচার, সামাজিক বর্ণবৈষম্য, সাম্প্রদায়িকতা, রাষ্ট্র ও প্রশাসনের বিচারহীনতার চাপে আদিবাসীদের অস্তিত্ব আজ চরম সংকটে। আদিবাসী ছাত্র পরিষদ বর্তমানে জেলা, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে ১৭টি শাখা কমিটিসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিনচন্দ্র মুন্ডা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, লেখক ও গবেষক পাভেল পার্থ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমলচন্দ্র রাজোয়াড়, জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলার সভাপতি বাবুল রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক টুনু পাহান, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মানিক সরেন, সহসভাপতি নবদ্বীপ লাকড়া প্রমুখ। আজ শনিবার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।