রাজশাহীতে আদিবাসী ছাত্রদের আন্দোলন কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আদিবাসী ছাত্রদের ওপর হামলাকারীদের বিচারসহ আট দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন আদিবাসী ছাত্ররা। ১০টি ছাত্রসংগঠনের যৌথ উদ্যোগে ঐক্যবদ্ধ আদিবাসী ছাত্র আন্দোলনের ব্যানারে গতকাল রোববার নগরের আলুপট্টি এলাকায় অনুশীলন পাঠাগারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
নগরের মহিষবাথান এলাকায় অবস্থিত খ্রিষ্টান কলেজ হোস্টেলে ৪ অক্টোবর একদল মুখোশধারী সন্ত্রাসী আদিবাসী ছাত্রদের ওপর হামলা চালায় এবং তাদের হোস্টেল থেকে বের করে দেয়। পুনরায় হোস্টেলে ঢুকলে প্রাণনাশ করা হবে বলেও হুমকি দেয় সন্ত্রাসীরা। আদিবাসী ছাত্রদের অভিযোগ, খ্রিষ্টান কলেজ হোস্টেলের বিশপ প্রশাসনের মদদে এ হামলার ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মুখপাত্র সমর এম সরেন ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত খ্রিষ্টান হোস্টেলে ছাত্র নির্যাতনের চিত্র তুলে ধরে আট দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে হোস্টেলে ছাত্রদের অবস্থান-সম্পর্কিত সদ্য গ্রহণ করা নীতিমালা বাতিল; হোস্টেলে অবস্থানরত ছাত্রদের, যাদের উচ্ছেদ করা হয়েছে, পুনর্বাসন করা; হোস্টেলে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার; ছাত্রদের নামে থানার সব ধরনের অভিযোগ (জিডি) প্রত্যাহার করা; রাজশাহী ডায়াসিসের অন্তর্গত প্রতিটি ছাত্রাবাসে ছাত্র নিপীড়ন বন্ধ করা; উচ্চশিক্ষায় অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের জন্য খ্রিষ্টান কলেজ হোস্টেল বহাল রেখে রাজশাহীতে সরকারিভাবেও হল ও হোস্টেল নির্মাণ করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে: ২২ অক্টোবর মানববন্ধন ও সংহতি সমাবেশ, ২৬ অক্টোবর অভিভাবক ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়, ২৮ অক্টোবর বিশপকে আলোচনার প্রস্তাব, ২৯ অক্টোবর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা এবং আলোচনার পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি সুবাস মুরমু, বাংলাদেশ ওরাঁও স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাবলু লাকড়া, পাহাড়ি ছাত্র পরিষদের দীপেন চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাজ্জাদ লিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহাসান হাবিব, আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি পাউলুশ নানোয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, আদিবাসী ছাত্র পরিষদের হেমন্ত মাহাতো, ছাত্র ইউনিয়নের আয়াতুল্লা খোমিনী প্রমুখ।