রাজশাহীতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ-বিদেশের ৭০টি চলচ্চিত্র নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রথম রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের পদ্মাপাড়ের লালন মঞ্চে উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
রাজশাহী চলচ্চিত্র সংসদের সভাপতি আহসান কবীর লিটনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও চলচ্চিত্রনির্মাতা নোমান রবিন। বক্তব্য দেন ভারতের ফেডারেশন অব ফিল্ম সোসাইটির আন্তর্জাতিক সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, ভারতীয় চলচ্চিত্রনির্মাতা শেখর দাশ, ভারতের বহরমপুর ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক সমীরণ বিশ্বাস, ঢাকার রেইনবো ফিল্ম সোসাইটির চিফ কো-অর্ডিনেটর মিজানুর রহমান, রাজশাহী চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক জাবীদ অপু, চলচ্চিত্র উৎসব পরিচালক সুলতানুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আহসান কবীর লিটনের নীরবতার স্বপ্ন, শাহরিয়ার হাসানের বিবেক ও শিপ্রা চৌধুরীর পুনর্জন্ম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তিনটি প্রদর্শন করা হয়।
আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসবের উদ্বোধন করবেন নগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ২১ মার্চ বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
নগরের লালন মঞ্চ ও বড়কুঠি মুক্তমঞ্চে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব চলবে। এর আয়োজন করেছে রাজশাহী চলচ্চিত্র সংসদ।