রাজশাহীতে আন্তর্জাতিক প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ সদস্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার রাজশাহীতে পরিচিতিমূলক ভ্রমণ করেছে। তারা রাজশাহীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেছে। পর্যটনশিল্পের প্রচার ও প্রসারে পর্যটন করপোরেশনের সহায়তায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ ভ্রমণের আয়োজন করেছে। এ উপলক্ষে রাজশাহীতে গত সোমবার সন্ধ্যায় পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মহাব্যবস্থাপক (বিপণন) এম কেরামত আলী খান বলেন, বহির্বিশ্বে দেশের পর্যটনশিল্পের প্রচার ও প্রসারের অন্যতম বিপণন কৌশল হলো পরিচিতিমূলক ভ্রমণ। সেই লক্ষ্যে তাঁরা স্পেন, জার্মানি ও জাপানের ট্যুর অপারেটর, পর্যটনশিল্পসংশ্লিষ্ট আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে ১৬ জুন থেকে সারা দেশে পরিচিতি ভ্রমণ শুরু করেছেন। ২২ জুন পর্যন্ত এ ভ্রমণ চলবে।সংবাদ সম্মেলনে রেডিও জাপানের বাংলা সার্ভিসের প্রতিনিধি কাজু লিরো ওয়াতন বলেন, দারিদ্র্য, ঘূর্ণিঝড় ও বন্যাপীড়িত দেশ হিসেবে বাংলাদেশের যে পরিচিতি ছিল, দিনে দিনে বহির্বিশ্বে মানুষের এ ধারণা পরিবর্তন হচ্ছে। তারা বাংলাদেশ সম্বন্ধে আরও উজ্জ্বল ধারণ পোষণ করছে। তিনি জানান, সাধারণ মানুষের মুখে হাসি দেখে তাদের এ ধারণা হয়েছে।স্পেনের সাংবাদিক লাওরা গোমেজ বলেন, দেশে ফিরে গিয়ে তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রা নিয়ে যে অপূর্ব অভিজ্ঞতা হয়েছে তা তাঁর দেশের মানুষকে জানাবেন। গতকাল মঙ্গলবার প্রতিনিধিদল রাজশাহীর পুঠিয়া, রাজবাড়ী, আমবাগান ও রাজশাহী সিল্ক কারখানা পরিদর্শন করে। পরে তারা সুন্দরবনের উদ্দেশে রাজশাহী ত্যাগ করে।