রাজশাহীতে আবার অসহনীয় লোডশেডিং
রাজশাহীতে তিন দিন ধরে অসহনীয় মাত্রায় লোডশেডিং হচ্ছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এরই মধ্যে গত শনিবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান জেনারেটরটি বিকল হয়ে গেছে। চরম দুরবস্থার মধ্যে আছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনেরা। কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে।
গত মে মাসে রাজশাহীতে বিদ্যুৎ বিপর্যয় চরম আকার ধারণ করেছিল। আবার এই দুর্ভোগ শুরু হয়েছে। বিভাগের কর্মকর্তারা বলছেন, উৎপাদন কম হচ্ছে, তাই লোডশেডিং বেশি।
নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর এলাকার পাঁচটি অঞ্চলে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বিদ্যুতের চাহিদা ছিল ৭৫ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া গেছে ৪৮ মেগাওয়াট। সন্ধ্যার দিকে এই চাহিদা আরও বেড়ে যায়। সেই অনুপাতে সরবরাহ বাড়েনি।
রাজশাহীর কাটাখালী গ্রিড থেকে জেলার পবা উপজেলার কিছু এলাকা, পুঠিয়ার বানেশ্বর এলাকা ও চারঘাট উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল দুপুরে এই এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৪০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিল ২১ মেগাওয়াট।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর, দুর্গাপুর ও পবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। শনিবার রাত আটটার দিকে এই এলাকার চাহিদা ছিল ৫১ মেগাওয়াট। তার বিপরীতে পাওয়া গেছে ২৭ মেগাওয়াট। গতকাল দুপুরে তাদের চাহিদা ছিল ৩২ মেগাওয়াট, তার বিপরীতে পাওয়া যাচ্ছিল ২৫ মেগাওয়াট।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সব সময় আসনের চেয়ে প্রায় দেড় গুণ বেশি রোগী চিকিৎসাধীন থাকে এখানে। বেশির ভাগ ওয়ার্ডে রোগীদের মেঝে ও বারান্দায় গাদাগাদি করে থাকতে হয়। এরই মধ্যে শনিবার থেকে জেনারেটর নষ্ট হয়ে গেছে। এতে রোগীরা গরমে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
মানুষের দুর্ভোগের পাশাপাশি কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। রাজশাহী নগরের বিসিক এলাকায় অবস্থিত এজি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আবদুল গণি বলেন, মে মাসের দুর্ভোগ অনেকটা দূর হয়েছিল। কিন্তু দু-তিন দিন ধরে আবার একই দুর্ভোগ শুরু হয়েছে। তিনি বলেন, তাঁদের কারখানায় পণ্য উৎপাদনে যাওয়ার আগে তিন ঘণ্টা প্লাস্টিক দানায় হিট দিতে হয়। তারপর এই দানাকে কাঁচামাল হিসেবে কাজে লাগানো যায়। কিন্তু বিদ্যুৎ এক ঘণ্টা পর আসছে, এক ঘণ্টা থেকে আবার চলে যাচ্ছে। কখনো দুই ঘণ্টা থাকছে। তাঁরা বিদ্যুতের আসা-যাওয়ার কোনো হিসাব পাচ্ছেন না।
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান বলেন, মাঝখানে বিদ্যুতের কারণে দুর্ভোগ কমেছিল। আবার কয়েক দিন থেকে বাজে অবস্থা চলছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে।