উপজেলা চেয়ারম্যানদের সম্পর্কে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ‘কটূক্তি’র জের ধরে রাজশাহীর উপজেলা চেয়ারম্যানরা গতকাল মঙ্গলবার আবারও জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় ও সার-বীজ মনিটরিং কমিটির সভা বর্জন করেছেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সভায় রাজশাহীর নয়টি উপজেলার মধ্যে আটটির চেয়ারম্যান উপস্থিত হন। অসুস্থ থাকায় গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত হতে পারেননি। জেলা প্রশাসক আবদুল হান্নানের সভাপতিত্বে সভার শুরুতেই চেয়ারম্যানরা জানতে চান তাঁদের সম্পর্কে কটূক্তিকারী পুঠিয়ার ইউএনওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। জেলা প্রশাসক জানান, এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর কাছে কোনো নির্দেশনা আসেনি। এ কারণে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। এ কথা শোনার পর চেয়ারম্যানরা সভা বর্জন করে সম্মেলনকক্ষ ত্যাগ করেন। বাগমারা উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান বলেন, ‘পুঠিয়ার ইউএনও লুৎফর রহমান গত ২২ জুলাই কমিটির সভায় উপজেলা চেয়ারম্যানদের সম্পর্কে কটূক্তি করেন। এর প্রতিবাদে ওই দিন সভা বর্জন করে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁরা বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ দেন। কিন্তু এ সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা গতকালের সভা বর্জন করেন। জেলা প্রশাসক আবদুল হান্নান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘উপজেলা চেয়ারম্যানরা বিভাগীয় কমিশনারের কাছে একজন ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ বিষয়ে কমিশনারই ব্যবস্থা নেবেন। এখানে আমার কিছু করার নেই। আর উপজেলা চেয়ারম্যানদের সভা বর্জনের বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে।’ কটূক্তির অভিযোগের বিষয়ে গত ২২ জুলাই পুঠিয়া ইউএনও লুৎফর রহমান বলেন, উপজেলা পর্যায়ে ফলদ বৃক্ষমেলার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানদের কেন সম্পৃক্ত করা হয়নি—এ নিয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় কথা উঠেছিল। আসলে ফলদ বৃক্ষমেলা কেন্দ্রীয় সরকারের একটি কর্মসূচি। এর সভাপতি হচ্ছেন ইউএনও এবং সদস্যসচিব উপজেলা কৃষি কর্মকর্তা। তাঁরা (উপজেলা চেয়ারম্যানরা) আইনকানুন না জেনে উল্টো দাবি করেন, তাঁদের ওই অনুষ্ঠানে ডাকা হয়নি। বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, তাঁরা অভিযোগ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।