রাজশাহীতে আম নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির ডাকা দুই দিনের পরিবহন ধর্মঘটের পরেই আজ বুধবার আবার ছাত্রশিবির হরতাল ডেকেছে। এতে আম নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে দুই দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শতাধিক আমবোঝাই ট্রাক নগরের কাশিয়াডাঙ্গায় এসে থেমে ছিল। ইতিমধ্যে এসব আম পচা শুরু হয়েছে। এ ছাড়া ঢাকায় পাঠাতে না পেরে পেকে যাওয়া আম নিয়েও রাজশাহীর ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তাঁরা কেনা দামের চেয়ে কম দামে সেই আম বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। গত সোমবার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হয়। এ কারণে চাঁপাইনবাবগঞ্জ ও সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা গাড়ি রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে আটকে দেন পরিবহন শ্রমিকেরা। গতকাল বিকেল পাঁচটার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর এসব গাড়ি ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাজশাহী নগরের শালবাগান বাজারের আম ব্যবসায়ী আবদুল মতিন বলেন, গত দুই দিনে তিনি ৩০ মণ আম ঢাকায় পাঠানোর জন্য প্রক্রিয়া সম্পন্ন করেন। আমগুলো তিনি আড়াই হাজার টাকা মণ দরে কিনেছিলেন। দুই দিনে পেকে যাওয়ায় এবং পরের দিন হরতালের কারণে তিনি এই আম আর ঢাকায় পাঠাতে পারছেন না। এতে তিনি বিপাকে পড়েছেন। আড়াই হাজার টাকা মণের আম এখন তাঁকে দুই হাজার টাকায় বেচতে হবে। কানসাটের ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, তাঁর আড়তে প্রায় ৫০ মেট্রিক টন আম কেনা হয়েছে। ধর্মঘটের কারণে ঢাকায় পাঠানোর জন্য ট্রাক না পেয়ে পাকা আম নিয়ে চরম ঝুঁকিতে পড়েছেন। ধর্মঘট প্রত্যাহার হতে না হতেই হরতালের কারণে এখন তাঁদের মড়ার উপর খাঁড়ার ঘায়ের অবস্থা হলো। বাঘার ব্যবসায়ী বিমল সরকার বলেন, তাঁর দুই ট্রাক আম ঢাকা যাওয়ার পথে পরিবহন ধর্মঘটের কারণে পাবনায় আটকে ছিল। আর হরতালের কারণে আজ বুধবার আর ঢাকায় আম পাঠাতে পারবেন না। এদিকে পাকা আম পচতে শুরু করেছে। তিনি বলেন, এই ধর্মঘট আর হরতালে আম ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।