রাজশাহীতে আরেক ব্যক্তির খোঁজ মিলছে না
রাজশাহীতে সাম্প্রতিক সময়ে অপহরণ ও খুনের দুটি ঘটনা ঘটেছে। এক মাস আগে অপহূত নূরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির খোঁজ মেলেনি আজও। এ ব্যাপারে নূরুলের স্ত্রী সাহেরা খাতুন থানায় মামলা করলেও পুলিশ এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। এদিকে পরপর দুটি লাশ উদ্ধারের খবরে অপহূতের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাহেরা আশঙ্কা করছেন, তাঁর স্বামীকেও হয়তো হত্যা করে লাশ গুম করা হয়েছে।নূরুল ইসলামের বাড়ি নগরের মতিহার থানার বেলঘরিয়া গ্রামে। পেশায় তিনি ভ্যানচালক। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মতিহার থানার একটি মামলায় নূরুলের ছেলে টুটুল ও জামাতা সহিদুল ইসলাম রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। গত ২০ মার্চ তাঁদের জামিন নেওয়ার জন্য নূরুল ও সাহেরা রাজশাহী আদালতে যান। আদালত থেকে ওকালতনামা নিয়ে কারাগারের উদ্দেশ্যে চলে আসেন নূরুল। সাহেরা তখন আদালত চত্বরে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। স্বামীর ফিরতে দেরি দেখে সাহেরা কারাগারের সামনে যান। সেখানে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে আবার আদালতে ফিরে আসেন তিনি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে অপেক্ষা করে স্বামীকে না পেয়ে সাহেরা বাড়ি ফিরে যান। ওই দিনই প্রতিবেশী শফির কাছে তিনি জানতে পারেন, তাঁর স্বামীকে একই গ্রামের আবু সাইদ ওরফে পালু আটক করেছিলেন। পরে ছেড়ে দিয়েছেন। স্বামীর সন্ধান না পেয়ে ঘটনার দুই দিন পর ২২ মার্চ সাহেরা বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি মামলা করেন। মামলায় বেলঘরিয়া গ্রামের পালু ও সামাদ, সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মোক্তার হোসেন ও নগরের কাজলা এলাকার জামিরুলকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক আলতাফ হোসেন জানান, এক মাস ধরে চেষ্টা করেও ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। আসামিদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ঘটনার দিন নূরুল ইসলাম ও আসামি জামিরুল ইসলাম নগরের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জমিজমা বিষয়ে একটি সালিস করেছেন। সালিসনামায় দুজনের স্বাক্ষর রয়েছে। এতে দুই পক্ষই বিবদমান বিষয়টি নিষ্পত্তি করে নেওয়ার অঙ্গীকার করেছে। এর পর থেকে নূরুল ইসলামকে আর পাওয়া যায়নি।