রাজশাহীতে আলু-টমেটো নিয়ে বিপাকে চাষি
রাজশাহীতে আলু ও টমেটো নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। তাঁরা আলু তুলে ধান চাষ করবেন, কিন্তু অবরোধের কারণে আলু বিক্রি করতে পারছেন না। আবার হিমাগারেও নিয়ে যেতে পারছেন না। টমেটো পেকে খেতে ঝরে পড়ছে। বাজারেও পাঠাতে পারছেন না।
রাজশাহীর পবা উপজেলার বড় একজন আলুচাষি বড়গাছির আফজাল হোসেন। তিনি এবার ১২৬ বিঘা জমিতে আলু চাষ করেছেন। তাঁর আলুখেত জেলার গোদাগাড়ী উপজেলায়। হিমাগার থেকে এই খেতের দূরত্ব ৩৬ কিলোমিটার। আফজাল বলেন, আলু তোলার সময় হয়ে গেছে, কিন্তু অবরোধের কারণে আলু তুলে হিমাগারেও নিতে পারছেন না। আবার মাঠ থেকে সরাসরি সিলেট, চট্টগ্রাম ও খুলনায় মোকামেও পাঠাতে পারছেন না। তিনি বলেন, অবরোধ এভাবে চলতে থাকলে তাঁদের বোরো ধান রোপণ করতেও দেরি হয়ে যাবে।
আবার দেশের সবচেয়ে বেশি শীতকালীন টমেটো উৎপাদিত হয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। এখানে এ বছর ২ হাজার ৭৬০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছিল। মৌসুম এখনো শেষ হয়নি। প্রায় ৮০ শতাংশের বেশি কৃষক টানা অবরোধে টমেটো বিক্রি করতে না পেরে ক্ষোভে জমিতে হালচাষ করে দিয়েছেন।
বোগদামারী গ্রামের চাষি শেখ ফরিদ জানান, দুই সপ্তাহ আগে তাঁর ৩০ মণ টমেটো বিক্রি হয়নি। ফেলে দিতে হয়েছে। তাই ক্ষোভে তিনি টমেটোর জমিতে হালচাষ করে দিয়েছেন।
গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া গ্রামের টমেটোচাষি আসাদুজ্জামান জানান, ১৫ দিন আগেও তিনি ক্যারেটপ্রতি (প্রতি ক্যারেটে ২৫ কেজি) ৫০ টাকা দরে টমেটো বিক্রি করেছেন। বাধ্য হয়ে টমেটোর জমি চাষ দিয়েছেন। ১৫ দিনের ব্যবধানে টমেটোর দাম কিছুটা বেড়েছে, কিন্তু অবরোধ তাঁদের পথে বসিয়েছে।