রাজশাহীতে ইজিবাইকে বেপরোয়া চাঁদাবাজি
ঈদ সামনে রেখে রাজশাহী নগরে ইজিবাইকে (ব্যাটারিচালিত অটোরিকশা) বেপরোয়া চাঁদাবাজি চলছে। চাঁদাবাজেরা ইজিবাইকমালিক সমিতি ও প্রস্তাবিত শ্রমিক ইউনিয়নের রসিদ দিয়ে নগরের মোড়ে মোড়ে লাঠি হাতে দাঁড়িয়ে চাঁদা আদায় করছে।
নগরের ঘোড়ামারা এলাকার ইজিবাইকচালক রবিউল ইসলাম বলেন, ‘সাহেব বাজার থেকে বিনোদপুর গেলে একজন যাত্রীর কাছ থেকে ১০ টাকা পাই। চাঁদাবাজেরা সেই ১০ টাকাই পকেট থেকে জোর করে নিয়ে যাচ্ছে। এ সময় বাগ্বিতণ্ডার কারণে দেরি হলে যাত্রীরাও ক্ষিপ্ত হন।’ তিনি অভিযোগ করেন, সমিতির নামে চাঁদা আদায় করা হলেও প্রয়োজনে তাদের পাওয়া যায় না। নগরের কোর্ট এলাকার চালক আওলাদ ও পবার কাটাখালী এলাকার চালক সাগর প্রায় একই ধরনের কথা বলেন।
গত এক সপ্তাহে সরেজমিনে দেখা গেছে, নগরের ভদ্রা, কোর্ট এলাকা, স্টেশন এলাকা, সোনাদীঘির মোড়সহ কয়েকটি এলাকায় চাঁদাবাজদের তৎপরতা দেখা গেছে। একটি ইজিবাইক আসতে দেখলেই তারা লাঠি দিয়ে থামানোর চেষ্টা করছে। অধিকাংশ চালক ঝামেলা এড়াতে ১০ টাকা চাঁদা দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু কেউ একজন চাঁদা দিতে আপত্তি করলেই তাঁর সঙ্গে বচসা শুরু হয়ে যায়। এ সময় রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাই ঝামেলা এড়াতে ওই চালকও টাকা দিয়ে চলে যাচ্ছেন।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁদার দাবিতে একটি ইজিবাইকের পথ আগলে দাঁড়ালে চালক গাড়ি রেখে পাশে কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে ডেকে নিয়ে আসেন। পুলিশ এসে চাঁদা আদায়কারীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সে কিছুতেই পুলিশের সঙ্গে যেতে রাজি নয়। পুলিশকে উল্টো বোঝায়, তাকে এর আগে নগরের বোয়ালিয়া থানার পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু পরে আবার ছেড়ে দিয়েছে। তাকে ধরে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। সমিতি থেকে তার চাঁদা আদায়ের অনুমতি রয়েছে। এ কথা শুনেই পুলিশ তাকে ছেড়ে দিয়ে চলে যায়। ওই দিনই সুঠামদেহী এক চালক চাঁদা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে তিন-চারজন চাঁদাবাজ এসে ঘিরে ধরে। এরই মধ্যে পেছনে যানজট সৃষ্টি হচ্ছে দেখে তিনিও চাঁদা দিয়ে চলে যান।
চাঁদা আদায়কারীদের হাতে ছাপানো লাল রসিদ রয়েছে। এতে রাজশাহী জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতি লেখা রয়েছে। একই রসিদে রাজশাহী জেলা ব্যাটারিচালিত ইজিবাইক শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) নামও লেখা রয়েছে। রসিদের নাম দেওয়া হয়েছে কল্যাণ তহবিলের রসিদ। এতে মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে। তবে স্বাক্ষরের নিচে কোনো তারিখ দেওয়া নেই।
কয়েক দিন আগে সোনাদীঘির মোড়ে চাঁদা আদায় করার সময় তাদের সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদকের নম্বর চাইলে তারা তিনটি নম্বর একটি কাগজে লিখে দেয়। গতকাল শুক্রবার এই তিনটি নম্বরে একাধিকবার ফোন দিলে সবগুলোই বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহানের মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি। কোনো চাঁদাবাজকে পেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’