রাজশাহীতে ইতিহাসের বই মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শুক্রবার শুরু হয়েছে ইতিহাসের বইমেলা। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজশাহী মহানগর শাখার আয়োজনে দুই দিনব্যাপী এই মেলা উপলক্ষে থাকছে ইতিহাসবিষয়ক সেমিনার, সংবর্ধনা ও সম্মেলন।
গতকাল সকাল ১০টায় রাজশাহী কলেজ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আনোয়ারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি তাজুল ইসলাম ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে মুনতাসীর মামুন বলেন, বাংলাদেশে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ইতিহাসচর্চাভিত্তিক সংগঠনগুলো সোচ্চার ভূমিকা পালন করতে পারছে না। রাষ্ট্রও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না। এই ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সোচ্চার হতে হবে। দেশপ্রেমিক হওয়ার জন্য ইতিহাসচর্চার মাধ্যমে এ দেশের ইতিহাসকে জানতে হবে। দুই দিনব্যাপী এই আয়োজন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিহাসচর্চায় অসামান্য অবদান রাখায় বিকেলে মুনতাসীর মামুনকে সংবর্ধনা দেওয়া হয়।