রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের শাস্তির দাবিতে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলা ও রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের শাস্তির দাবিতে ১৫ দিনের চূড়ান্ত সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল রোববার বিক্ষোভ মিছিল শেষে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সকাল সাড়ে ১০টায় নগরের অলকার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এটি সাহেব বাজার জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সেখানে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত রোগীর স্বজনেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি এবং রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক হারুনার রশিদের সভাপতিত্বে সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, আইনজীবী এন্তাজুল হক, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, রাজশাহী উদীচীর সদস্য মিনহাজ উদ্দিন, পবা উপজেলার জাপা সভাপতি আবদুল মালেক, অধ্যাপক জি এম হারুন, নারী উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা খাতুন, রাজশাহী মহিলা চেম্বারের সহসভাপতি সাগরিকা, মানবাধিকারকর্মী আইয়ুব আলী তালুকদার, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবমৈত্রীর বোয়ালিয়া থানার শাহীন শেখ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতিবাদ করলেই ইন্টার্ন চিকিৎসকেরা সেবাধর্ম ত্যাগ করে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রোগীর স্বজনদের ওপর হামলা চালাচ্ছেন। সম্প্রতি ইন্টার্ন চিকিৎসকদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। স্বামীর মৃত্যুর প্রতিবাদ করায় বৃদ্ধ নারীর ওপরও হামলা চালিয়েছেন তাঁরা। রোগীরাও রেহাই পাচ্ছেন না তাঁদের হামলা থেকে।