রাজশাহীতে ইভ টিজিংয়ের জঘন্য চিত্র, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের রাজপাড়ার ভেতর দিয়ে মহিষবাথান রাস্তার মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথের দুই পাশে দেয়ালঘেরা। বিদ্যালয় ছুটি হলে ছাত্রীরা এই রাস্তাটুকু প্রায় দৌড়ে পার হয়। কারণ এখানে বখাটেরা তাদের ওড়না ধরে টান দেয়, হাত ধরে টানাহেঁচড়া করে। ছাত্রীরা বাবা বলে চিৎকার দেয়। এসব দৃশ্য ওই এলাকার বাসিন্দারা জানালা দিয়ে দেখে বটে, কিন্তু দেয়াল থাকায় কেউ আক্রান্ত মেয়েদের উদ্ধার করতে এগিয়ে আসতে পারে না। বিদ্যালয়ে কাউন্সেলিংয়ের সময় ভুক্তভোগীরা এসব চিত্র তুলে ধরে। ইভ টিজিংয়ের অভিযোগে সেখানে গত দুই দিনে ১০ জন বখাটেকে আটক করেছে পুলিশ।‘ইভ টিজিং’ বিষয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করে তুলতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত সোমবার থেকে দুই দিন ধরে চলে এই কাউন্সেলিং। ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে প্রায় ২০টি ইভ টিজিং পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান গত দুই দিনে নগরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কাউন্সেলিং করেন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের একজন করে শিক্ষিকাকে সমন্বয়ক নির্বাচন করা হয়। শিক্ষার্থীরা সমন্বয়ক অথবা অভিভাবকের মাধ্যমে ইভ টিজিংয়ের শিকারের ঘটনা পুলিশকে অবহিত করে।কাউন্সেলিংয়ের সময় ছাত্রীরা জানিয়েছে বখাটেরা তাদের উত্ত্যক্ত করতে করতে একপর্যায়ে কীভাবে বাড়িতে ঢুকে গেছে, কীভাবে বিদ্যালয় ছুটির সময় ফটক থেকে ভেতরে ঢুকে তাদের গায়ে হাত দেয়, জানালা দিয়ে কাচের বোতল ছুড়ে মারে, রিকশায় যাওয়ার সময় মুঠোফোনে ছবি তোলে, রাস্তা পার হওয়ার সময় নাম ধরে ডাকে, মুঠোফোনে কল করে উত্ত্যক্ত করে। কোনো কোনো ছাত্রীর মা ফোন ধরলে বখাটেরা তাঁকেও অশালীন কথা শোনায়, গালাগাল করে। মায়েদের ফোন নম্বর জোগাড় করে তাঁদেরও হুমকি দেয় বখাটের দল।গত সোমবার একটি বিদ্যালয়ের সমন্বয়ক ও ছাত্রীদের নিয়ে মহিষবাথান মিকাহ হোটেলের পাশ থেকে মেয়েদের উত্ত্যক্ত করার সময় আলমগীর, রায়হান, তৌহিদুলসহ চার যুবককে আটক করে পুলিশ। গতকাল পিএন উচ্চবিদ্যালয়ের পাশে একটি দোকানে বসে মেয়েদের উত্ত্যক্ত করার সময় বিদ্যালয়ের সমন্বয়ক ও ছাত্রীদের সহযোগিতায় শিবুল নামের এক যুবককে আটক করে পুলিশ। পুলিশ তার কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। পরে দেখা যায় মুঠোফোনগুলোতে স্কুলছাত্রীদের অনেক ছবি ধারণ করা রয়েছে।পুলিশ জানিয়েছে, অন্য একটি স্থানে ঘোরাঘুরি করার সময় পুলিশ অপর পাঁচ যুবককে আটক করে। পরে অবশ্য ভবিষ্যতে এ ধরনের আচরণ করবে না এমন শপথ করিয়ে ছেড়ে দেওয়া হয়। পুলিশি অভিযান অব্যাহত থাকবে।