রাজশাহীতে ইভিএম পদ্ধতিতে পরীক্ষামূলক ভোট গ্রহণ
রাজশাহী নগরের ৮ নম্বর ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নতুন এ পদ্ধতিতে ভোট নেওয়ার জন্য এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নগরীর ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্ণমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মোট ২০টি কক্ষে এ পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। সরেজমিনে গতকাল ভোটকেন্দ্রগুলোতে নতুন এ পদ্ধতিতে ভোট দিতে আসা ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সকাল বেলা কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে ভোটারদের মধ্যে ইভিএম ভীতি কেটে যায়। ভোট দিতে আসা শারমিন ইয়াসমিন বলেন, ‘ইভিএম সম্পর্কে ধারণা ছিল না। অনুভূতিটা অন্যরকম। যত কঠিন ভেবেছিলাম বিষয়টি আসলে তার চেয়ে অনেক সহজ।’ পান দোকানদার আমির হোসেন বলেন, ‘প্রথম প্রথম ভয় লাগছিল। যন্ত্রপাতির ব্যাপার কীভাবে যে কী করবো। ভোটকেন্দ্রে ঢুকে যখন কর্মকর্তারা দেখিয়ে দিলেন তখন সবকিছু বুঝতে পারলাম। এখন মনে হচ্ছে ভোটের দিনে আর কোনো সমস্যা হবে না।’ সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ইভিএম ভীতি দূর করতেই এর মাধ্যমে ‘ট্রায়াল ভোট’ অর্থাৎ পরীক্ষামূলক ভোটের ব্যবস্থা করা হয়। এর আগে গত মঙ্গলবার থেকে ৮ নম্বর ওয়ার্ডে ইভিএম সম্পর্কিত বিশেষ ‘নাটিকা’ প্রদর্শণ করা হয়।