রাজশাহীতে ইয়াবাসহ সাংসদপুত্র গ্রেপ্তার
রাজশাহী-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার ছেলে মোস্তাক আহমেদ ওরফে টুলুকে (২৫) ইয়াবাসহ পুলিশ গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে।
মোস্তাক সাংসদ মেরাজ উদ্দিনের চার ছেলের মধ্যে সবার ছোট। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন। মোস্তাক বিবাহিত। তাঁর সঙ্গে পুলিশ মামুনুর রশিদ (৩০) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকার মাসুম আলীর ছেলে।
নগরের শাহ মখদুম থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের নওদাপাড়া আমচত্বর মোড় থেকে পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁরা একটা মিশুকের পাশে দাঁড়িয়ে ইয়াবা নিয়ে কথা বলছিলেন। পুলিশ দেহ তল্লাশি করে সাংসদের ছেলের কাছ থেকে চারটি এবং মামুনের কাছ থেকে তিনটি ইয়াবা উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে শাহ মখদুম থানার এসআই আতাউর রহমান মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহ মখদুম থানার উপপরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, পুলিশের কাছে তাঁরা স্বীকার করেছেন, দুজনেই ইয়াবা ব্যবসায়ী। নমুনা দেখার জন্য তাঁরা ইয়াবাগুলো এনেছিলেন। গতকাল শুক্রবার সকালে তাঁদের আদালতে সোপর্দ এবং তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়। কাল রোববার তাঁদের রিমান্ড শুনানির কথা রয়েছে।
সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা বলেন, ‘গ্রেপ্তার করেছে, ভালো হয়েছে। ধরার পর ওর মা এসে কান্নাকাটি করছিল থানায় যাওয়ার জন্য। আমি বলেছি, “ওই ছেলেকে গুলি করে মেরে ফেললেও আমি যাব না।”