রাজশাহীতে ঈদের দিনই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরে ঈদুল আজহার দিনই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ কাজের জন্য শহরবাসীর সহযোগিতা কামনা করেছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।
গতকাল বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে নিযাম উল আযীম বলেন, ঈদের দিনে সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ২৫৪টি কেন্দ্র কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। সেখানে ইমাম থাকবেন। পশুর রক্ত ও বর্জ্য অপসারণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দেবে সিটি করপোরেশন। এসব কেন্দ্রে এসে কোরবানির পশু জবাই করার জন্য শহরবাসীকে উদ্বুদ্ধ করতে প্রতিটি মসজিদে আজ জুমার নামাজের সময় মুসল্লিদের অবহিতকরণ ও মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া সরকারের পাঠানো সচেতনতামূলক তথ্যচিত্র স্থানীয় কেব্ল লাইনে প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্জ্য অপসারণে একটি নিয়ন্ত্রণকক্ষ ঈদের দিন বিকেল চারটা থেকে খোলা থাকবে। এই নিয়ন্ত্রণকক্ষে রাত সাড়ে ১১টা পর্যন্ত কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে সমস্যা হলে জনসাধারণ জানাতে পারবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নম্বরগুলো হচ্ছে: ০১৭১৩-০৯৮৯৫৬ (পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং), ০১৭১৬-৪০৮০৭১ (অফিস সহকারী), ০১৭২৩-৭৯৮৯৭৮ (কম্পিউটার অপারেটর) ও ০১৯৩৪-৪৭২৪২০ (কেন্দ্রীয় সুপারভাইজার)।
দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচকে বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব নগরে (রাজশাহী) ঈদের দিনই রাত দুইটার মধ্যে কোরবানির বর্জ্য সম্পূর্ণ অপসারণ করা। আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে ঈদের পরের দিন অতীতের ন্যায় পরিবেশবান্ধব পরিচ্ছন্ন মহানগর জনসাধারণকে উপহার দেওয়া।’