রাজশাহীতে উপজেলা চেয়ারম্যানদের বিভাগীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ সদস্যদের হস্তক্ষেপমুক্ত জনমুখী উপজেলা পরিষদ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিভাগীয় সম্মেলন হয়েছে। গত শনিবার নগরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়। ইউএসআইডি তাদের ‘গণতান্ত্রিক স্থানীয় সরকার শক্তিশালীকরণ কার্যক্রম’-এর অংশ হিসেবে এ সম্মেলন আয়োজনে সহযোগিতা দিয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন খুলনা বিভাগীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মর্তুজা, মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল শামীম আল রাজী, চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ, ইউএসআইডির জারিনা রহমান খান। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজল চ্যাটার্জী।বক্তারা বলেন, নির্বাচনের পর থেকে উপজেলা পরিষদে তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। কারণ, সংসদ সদস্যদের অযাচিত হস্তক্ষেপ এবং উপজেলা পরিষদের আইন অনুসারে যেসব দায়দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছিল তা বিভিন্ন পরিপত্র জারি করে নিয়ে নেওয়া হচ্ছে। তাঁরা বলেন, উপজেলা পরিষদের আওতায় যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাঁদের জবাবদিহি উপজেলা চেয়ারম্যানের কাছে করার থাকলেও তা এখন পর্যন্ত করা হচ্ছে না। সম্মেলন শেষে রাজশাহী বিভাগীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এর সভাপতি নির্বাচত হন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ।