রাজশাহীতে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব
রাজশাহীতে চলছে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব। গত শুক্রবার থেকে শুরু হয়ে এ উৎসব চলবে কাল মঙ্গলবার পর্যন্ত। পাঁচ দিনের এ উত্সবে পাঁচ চলচ্চিত্রকার ও গবেষককে দেওয়া হয় ‘ঋত্বিক সম্মাননা পদক-২০১৬’। উৎসবে প্রদর্শিত হবে দেশ-বিদেশের ৩০টি ছবি।
গত শুক্রবার সন্ধ্যায় ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক নিবাস, বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মিলনায়তনে চলচ্চিত্রকার ও গবেষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। চলচ্চিত্র নির্মাণে অনন্য অবদান রাখায় এবার এ পদক পেলেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ও বাংলাদেশের মোরশেদুল ইসলাম। চলচ্চিত্র সংসদ আন্দোলনে অবদান রাখায় ভারতের ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদারকে, মঞ্চনাটক ও চলচ্চিত্রে আলোকসম্পাতে অবদান রাখায় আলোকশিল্পী আবু তাহেরকে, চলচ্চিত্র নিয়ে গবেষণায় দেশের খ্যাতিমান চলচ্চিত্র ও নজরুল গবেষক অনুপম হায়াতকে সম্মাননা দেওয়া হয়। অনুপম হায়াতের পক্ষে সম্মাননা গ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল।
পদক পেয়ে অনুভূতি জানাতে গিয়ে চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত বলেন, ঋত্বিক ঘটক সারা বিশ্বের সচেতন দর্শকের ভেতর ছড়িয়ে আছেন। বাইরের দেশে গেলে সে দেশের চলচ্চিত্রনির্মাতারা এখনো তাঁর কাছে ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের হালহকিকত জানতে চান। তাঁর সৃষ্টি আজও মানুষকে বিস্মিত করে। তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন তাঁর চলচ্চিত্রে।
ঋত্বিক ঘটকের ৯১তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে এ উৎসবের আয়োজন করেছে রাজশাহীর ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’। প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় নগরের পাঠানপাড়ার লালন মঞ্চে চলছে চলচ্চিত্র প্রদর্শনী।