রাজশাহীতে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব শুরু

রাজশাহীতে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব। উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের ৩০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজশাহী নগরের পদ্মাপারের লালন মঞ্চে আজ শনিবার থেকে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি এ উৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ এম এ জাহিদ। উৎসবে জাতীয় সংগীত সম্মিলন পরিষদের পরিবেশনায় স্মরণসংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।
আজ শনিবারের অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশ গুপ্ত ও মোরশেদুল ইসলাম উপস্থিত থাকবেন। এ ছাড়া ফেডারেশন ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি প্রেমেন্দ্র মজুমদার উৎসবে অংশ নেবেন। একই দিন থেকে পর্যায়ক্রমে প্রদর্শিত হবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের চলচ্চিত্র। বুদ্ধদেব দাশ গুপ্তের আনয়ার কা আজাব কিস্সা চলচ্চিত্রের মাধ্যমে শুরু হবে উৎসব। প্রদর্শিত হবে মোরশেদুল ইসলামের অলিন বাগচির একদিন, তওকীর ইসলামের আয়না, এম আই মুন্নার কপি ও বসন্ত বাতাসের লাভ ইউ সাকিব। এ ছাড়া রাজশাহীর পরিচালক শাহরিয়ার চয়নের ফানুস, মাহফুজ আহমেদের লাভ বোথ সাইড, অমিত রুদ্রর অন্য কোথাও চল, আরিফুর রহমানের কুকুরের প্রতি, আরিফ হোসেন হৃদয়ের মুখোশ ও সাজ্জাদ বকুলের দাবালন প্রদর্শিত হবে।