রাজশাহীতে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৮৮তম জন্মবার্ষিকী গতকাল সোমবার পালন করা হয়েছে।
এ উপলক্ষে ঋত্বিক কুমার ঘটক ফিল্ম সোসাইটির উদ্যোগে মিঞাপাড়া এলাকায় হোমিওপ্যাথিক কলেজের ঋত্বিক ঘটক মিলনায়তনে ‘ঋত্বিক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী’র আয়োজন করা হয়।
বিকেলে সোসাইটির সভাপতি এফ এম এ জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কবি রুহুল আমিন প্রামাণিক, শিক্ষাবিদ তসিকুল ইসলাম রাজা, ফজলুল হক, কবি আরিফুল হক, সাংবাদিক লিয়াত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল, সাংবাদিক হাসান মিল্লাত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত সংগীতশিল্পী মান্না দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঋত্বিক ঘটকের জীবনী পাঠ করেন শরীফ আহাম্মেদ। আলোচনা শেষে ঋত্বিক ঘটকের চলচ্চিত্র সুবর্ণ রেখা প্রদর্শন করা হয়।