ভুয়া শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে রাজশাহী উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এইচএসটিটিআই) পরিচালক, সহকারী পরিচালক এবং তিনজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখা-৭ (কলেজ-২) এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। গত বুধবার তাঁদের কাছে এই আদেশের অনুলিপি পৌঁছায়।যাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তাঁরা হলেন এইচএসটিটিআইয়ের পরিচালক স্বপন কুমার দত্ত, সহকারী পরিচালক মো. শামসুজ্জোহা এবং পরিচালকের ব্যক্তিগত সহকারী ও স্টেনোটাইপিস্ট মো. জাহাঙ্গীর হোসেন, এমএলএসএস সৈয়দ শাহাদাত হোসেন ও মো. নজরুল ইসলাম।পরিচালক ও সহকারী পরিচালককে বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, তাঁদের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫-এর ১১(১) ধারা অনুযায়ী চাকরি থেকে সাময়িভাবে বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকাকালে তাঁরা বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এই আদেশে রাষ্ট্রপতির আদেশক্রমে ১০ জুন সচিব সৈয়দ আতাউর রহমান স্বাক্ষর করেছেন।গতকাল বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক স্বপন কুমার দত্ত রাজশাহী শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ নূরুল হকের কাছে তাঁর দায়িত্ব হস্তান্তর করেছেন।এইচএসটিটিআই সূত্রে জানা গেছে, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের ‘টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় ২২ মে থেকে ৩৬তম ব্যাচের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। এতে রাজশাহী বিভাগের ১৬ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৩ জন প্রধান শিক্ষকের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অংশ নেওয়া বেশ কিছু শিক্ষকের চলাফেরা, অসংলগ্ন আচরণ ও ক্লাসে অনভিজ্ঞতা অন্যদের মাঝে সন্দেহের সৃষ্টি করে। বিষয়টি জানাজানি হলে ২৬ মে ৮৩ জনের মধ্যে ৫৬ জনকেই ভুয়া শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়। তাঁদের আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে প্রথম আলোয় ২৭ মে ‘প্রশিক্ষণে আসা ৮৩ প্রধান শিক্ষকের ৫৬ জনই ভুয়া’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর একটি অভ্যন্তরীণ, একটি সংশ্লিষ্ট প্রকল্পের এবং আরেকটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। ২৮ মে থেকে ২ জুন কমিটিগুলোর সদস্যরা তদন্তের কাজ করেন। শেষে তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেন।এইচএসটিটিআইয়ের সাবেক পরিচালক স্বপন কুমার দত্ত জানান, তিনি কোনো অন্যায় করেননি। তিনি আরও জানান, তিনি কোন কোন শিক্ষককে প্রশিক্ষণের জন্য মনোনীত করা যাবে, সে জন্য একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটিই সব করেছে। রুটিন ওয়ার্ক হিসেবে তাঁকে শুধু স্বাক্ষর করতে হয়েছে।