রাজশাহীতে এক বছরে ৬১২টি বাল্যবিবাহ!
রাজশাহীর তিন উপজেলায় এক বছরে ৬১২টি বাল্যবিবাহ হয়েছে। আইনি ঝামেলা এড়াতে অভিভাবকেরা কৌশলে গভীর রাতে মেয়েদের বিয়ে দিচ্ছেন। অপরিণত বয়সে মেয়েদের বিয়ের ফলে সংসার ভাঙছে; এমনকি আত্মহননের মতো ঘটনাও ঘটছে। তিনটি বেসরকারি সংস্থার জরিপ থেকে এসব তথ্য পাওয়া গেছে।গত বছর নভেম্বর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত জরিপটি চালানো হয়। এতে বলা হয়েছে, গত এক বছরে রাজশাহীর চারঘাটে ১০০টির বেশি বাল্যবিবাহ হয়েছে; পুঠিয়ার চারটি ইউনিয়নে ৪৮৩টি এবং বাঘার চারটি ইউনিয়নে বাল্যবিবাহ হয়েছে ২৯টি। শুধু এই তিন উপজেলাতেই নয়, রাজশাহীর আর সব উপজেলা ও জেলা সদরেও এমন ঘটনা দিন দিন বেড়েই চলেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত জুনে বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়নের শীলার (ছদ্মনাম) বিয়ে হয়। তখন সে সপ্তম শ্রেণীর ছাত্রী। সেদিন রাতে ঘুমিয়ে ছিল শীলা। রাত তিনটার দিকে তাকে ঘুম থেকে ডেকে তুলে বিয়ের পিঁড়িতে বসানো হয়। বিয়ে কী, তা বুঝে ওঠার আগেই তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে সে বাবার বাড়ি এসে আর শ্বশুরবাড়ি যেতে রাজি হয়নি।বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে রাজশাহী সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মনিরা রহমান বলেন, ‘আমরা চেষ্টা করেও পারছি না। কারণ, এই সমাজে মেয়ের বয়স ১৩-১৪ হলেই প্রতিবেশীরা তাকে বিয়ে দেওয়ার কথা বলে। সামাজিক আচারের কারণে আসলে বাল্যবিবাহ ঠেকানো যাচ্ছে না।’বছর দুয়েক আগে চারঘাটের ফকিরপাড়া গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী সাকিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। সেও শ্বশুরবাড়ি যেতে চায়নি। কিন্তু তার কথা আমলে নেয়নি কেউ। শ্বশুরবাড়ি থেকে ফিরে আত্মহত্যা করে সাকিলা। তার বাবা আবু সামা জানান, তিনি ছোট মেয়েকে বিয়ে দিয়ে ভুল করেছেন। তাঁর আরেকটি মেয়ে আছে। বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তিনি বিয়ে দেবেন না।বেসরকারি সংস্থা সোয়ালোজের প্রকল্প কর্মকর্তা মুরসালিন জানান, চারঘাটে গত এক বছরে তাঁরা প্রশাসনের সহায়তায় ৫০টি বাল্যবিবাহ বন্ধ করেছেন। তার পরও গভীর রাতে বা গোপনে অন্য এলাকায় নিয়ে অভিভাবকেরা ২৫ জনের বাল্যবিবাহ দিয়েছেন।রাজশাহী নগরেও বাল্যবিবাহ হচ্ছে। নগরের রাজাপাড়া থানার সুফিয়া (ছদ্মনাম) ইউসেপ স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ত। জন্মসনদ অনুযায়ী তার বয়স ১২ বছর। গত ১১ নভেম্বর তার বিয়ে হয়। এত কম বয়সে কীভাবে বিয়ে পড়িয়েছেন—জানতে চাইলে বিয়ের কাজি জহিরুল ইসলাম বলেন, ‘মেয়ের মা ও ছেলের বাবার কাছ থেকে হলফনামা নিয়ে বিয়ে পড়িয়েছি। হলফনামায় তাঁরা বলেছেন, তাঁদের মেয়ে প্রেম করে একটি ছেলের সঙ্গে পালিয়েছিল। তাই মানসম্মান রক্ষার্থে বিয়ে দিচ্ছেন।’ হলফনামার একমাত্র সাক্ষী এস এম আবদুল মাহিত বলেন, ‘ছেলেমেয়ে পালিয়ে যাওয়ার ঘটনা সত্য নয়। বিয়ে দেওয়ার স্বার্থে এই হলফনামা তৈরি করা হয়েছে।’পুঠিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে সমতা নারী কল্যাণ সংস্থা। এ উপজেলায় এত বেশি বাল্যবিবাহ হওয়ার কারণ জানতে চাইলে সংস্থাটির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম জানান, দরিদ্রতা ও আর্থসামাজিক অবস্থার কারণে অভিভাবকেরা অল্প বয়সে মেয়েদের বিয়ে দেন। এ উপজেলার ভালুকগাছি ইউনিয়নেই শুধু এক বছরে ১৪৫টি বাল্যবিবাহ হয়েছে বলে সংস্থাটির জরিপে উল্লেখ করা হয়েছে।রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, ১৯২৯ সালের বাল্যবিবাহ আইনে শুধু ইউপি চেয়ারম্যান, পৌরসভা বা সিটি করপোরেশনের মেয়রের মামলা করার এখতিয়ার আছে। তাঁরা তো কোনো মামলা করছেন না। তা ছাড়া তাৎক্ষণিক খবর পেলে ভ্রাম্যমাণ আদালত করে ব্যবস্থা নেওয়া যায়। আবার সেই বিয়েটিই গোপনে হয়ে গেলে কিছুই করার থাকে না। ভালুকাগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল করিম শেখ বলেন, ‘আমি বাল্যবিবাহের বিপক্ষে। কিন্তু বিয়ের সব আয়োজন শেষ করে কাজি সাহেব আমাদের কাছে জন্মসনদ নিতে পাঠান। তখন মেয়ের বাবা-মার মুখের দিকে তাকিয়ে জন্মসনদ না দিয়ে আর পারা যায় না। তবে আমরা এখন অনেক সাবধান হওয়ার চেষ্টা করছি, যেন আর এমন বিয়ে না হয়।’স্ব-উন্নয়নের প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তাঁরা দিনে গিয়ে বিয়ে বন্ধ করে আসছেন। গভীর রাতে বা অন্য গ্রামে নিয়ে আবার সেই বিয়ে হয়ে যাচ্ছে। পরে সংসারও ভেঙে যাচ্ছে।’বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিলসেতারা বলেন, বিয়ের বয়স না হতেই বিয়ে দেওয়ায় ইদানীং সংসার ভাঙার ঘটনা বাড়ছে। এ ধরনের মামলাও বেশি হচ্ছে। এতে বহুবিবাহের ক্ষেত্রও তৈরি হচ্ছে বেশি।