রাজশাহীতে এনজিও কার্যালয় ঘেরাও
রাজশাহীতে ‘সাসটেইনেবল ট্রেনিং অ্যান্ড রিসার্চ’ (স্টার) নামের একটি বেসরকারি সংস্থার প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর গতকাল বুধবার জামানতের ২৬ লাখ টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কথামতো টাকা নিতে এসে সংস্থার কর্মীরা পরিচালককে না পেয়ে রাজশাহী নগরের ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত এনজিওটির প্রধান কার্যালয় ঘেরাও করেন।প্রতারিত চাকরিপ্রার্থীরা জানান, সংস্থাটির নির্বাহী পরিচালক জেসমিন শাহানা চাকরি দিতে না পারায় ১৫০ টাকা করে ৩০০ টাকার দুটি স্ট্যাম্পে টাকা ফেরত দেওয়ার জন্য অঙ্গীকারনামা দেন। কথামতো তাঁরা গতকাল বুধবার সকাল ১০টার দিকে টাকা ফেরত নিতে আসেন। তাঁরা জানান, জেসমিন শাহানা চাকরি দেওয়ার নাম করে ১১২ জন বেকার যুবকের কাছ থেকে প্রায় ছয় মাস আগে জামানত হিসেবে ২৫ লাখ ৯০ হাজার টাকা নেন। চাকরিপ্রার্থীরা জানান, নির্বাহী পরিচালক সংস্থাটির ব্যবস্থাপক শাহিন সুলতানাকে সমপরিমাণ টাকার একটি চেক দিয়ে ব্যাংক থেকে তা উঠাতে বলেছিলেন। কিন্তু তিনি ব্যাংকে গিয়ে দেখেন, ওই চেকের অনুকূলে ব্যাংকে কোনো টাকা নেই।