রাজশাহীতে এফএওর নামে টাকার বিনিময়ে চাকরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের (এফএও) নাম ভাঙিয়ে এবং ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইউএনডিও) নামে টাকার বিনিময়ে প্রায় ২৫০ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। আরও ৮০ জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে। এগ্রিকালচার, সায়েন্স অ্যান্ড ইনফরমেশন রিসার্চ ফাউন্ডেশন (এএসআইআর) নামের একটি বেসরকারি সংস্থার পক্ষে এই নিয়োগ সম্পন্ন করছে নারী মুক্তি মহিলা সমাজকল্যাণ সমিতি (এনএমএসকেএস) নামের একটি প্রতিষ্ঠান। এএসআইআর ফাউন্ডেশনের পক্ষে জ্যেষ্ঠ প্রকল্প পরামর্শক হাফিজুর রহমান এনএমএসকেএসের সঙ্গে এ-সংক্রান্ত যাবতীয় কাজ করছেন। শালবাগান এলাকার এনএমএসকেএসের কার্যালয়ে গত শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে, কার্যালয়ের বাইরে ও ভেতরে অসংখ্য নিয়োগপ্রার্থীর ভিড়। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে ফিল্ড অফিসার, সুপারভাইজার ও প্রোগ্রাম অফিসার—এই তিনটি পদে লোক নিয়োগ করা হচ্ছে। ফিল্ড অফিসারদের আট হাজার, সুপারভাইজারদের ১২ হাজার এবং প্রোগ্রাম অফিসারদের ২০ হাজার টাকা বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।ফিল্ড অফিসার পদে প্রার্থীর যোগ্যতা এসএসসি পাস। তাঁদের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। সুপারভাইজার পদে প্রার্থীর যোগ্যতা এইচএসসি পাস। তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছে ৩০ হাজার টাকা করে। প্রোগ্রাম অফিসার পদে প্রার্থীর যোগ্যতা স্নাতক পাস। তাঁদের কাছ থেকে ৬০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এই টাকা এনএমএসকেএসের নির্বাহী পরিচালকের সই করা রসিদ দিয়ে নেওয়া হচ্ছে। তবে এলাকার চেয়ারম্যানের সুপারিশ থাকলে তাঁদের কাছ থেকে কম নেওয়া হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে নগরের এক গৃহবধূ বলেন, সুপারভাইজার পদে নিয়োগ পেতে ৩০ হাজার টাকায় চুক্তি করে ২০ হাজার টাকা দিয়েছেন। তিনি বলেন, ১ আগস্ট তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ৩ তারিখ পর্যন্ত কাজ করার পর তাঁর কাজের জন্য প্রয়োজনীয় ফরম নেই জানিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি এখন তাঁর টাকা ফেরত পাবেন কি না, তা নিয়ে চিন্তিত। নওদাপাড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী একই পদে নিয়োগ পেয়েছেন টাকার বিনিময়ে। তিনিও এমন হতাশায় ভুগছেন। তাঁর নিয়োগপত্রে দেখা যায়, তাকে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) প্রকল্পের সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এএসআইআর ফাউন্ডেশনের প্যাডে দেওয়া ওই নিয়োগপত্রে সই করেছেন এনএমএসকেএসের নির্বাহী পরিচালক শাহানারা বেগম ওরফে বুলু। নিয়োগপত্রের প্যাডে তাঁদের প্রকল্পের নাম দেওয়া আছে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিআইডিএ), ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও), ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউএনডিও)।শনিবার দুপুরে এনএমএসকেএসের নির্বাহী পরিচালকের কাছে এএসআইআর ফাউন্ডেশনের সঙ্গে তাঁরা কীভাবে কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ওদের সঙ্গে আমাদের সংগঠনের একটি চুক্তি হয়েছে। ওরা ফান্ড এনেছে। এতে অনেক টাকা খরচ হয়েছে। এ জন্য কর্মী নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, তাঁরা জামানত হিসেবে ওই টাকা নিচ্ছেন। পরে ফেরত দেবেন। তবে নিয়োগপ্রাপ্ত কয়েকজন কর্মী জানিয়েছেন, তাঁদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তা অফেরতযোগ্য। কারণ ওই টাকা ফেরত দেওয়ার কথা কোথাও উল্লেখ নেই। এএসআইআর ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রকল্প পরামর্শক হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁর মুঠোফোনটি গত শনি ও রোববার বন্ধ পাওয়া গেছে।ফাওয়ের কান্ট্রি ডিরেক্টর এড স্টিজকারসের সচিব মাহমুদ বিশ্বাস গত রোববার মুঠোফোনে বলেন, ফাও কোনো দাতা সংস্থা নয়। ফাও বিভিন্ন সংস্থাকে কারিগরি সহায়তা দিয়ে থাকে। ফাও যে প্রকল্প নিয়ে কাজ করে অবশ্যই তার আলাদা নাম ও নম্বর থাকে।