রাজশাহীর তানোরে এবার এক বাড়ির রান্নাঘরে পাওয়া গেছে ১২৫টি গোখরা সাপ। বাড়ির লোকজন সাপগুলো পিটিয়ে মেরেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে রাজশাহী নগরের একটি বাড়ির শয়নকক্ষে পাওয়া যায় ২৭টি গোখরা।
এদিকে সাতক্ষীরায় দুটি বাড়িতে দুই দিনে ৭৬টি গোখরা সাপ পাওয়া গেছে। সেগুলোও মেরে ফেলা হয়েছে। সাতক্ষীরা সদরের বালুইগাছ গ্রামে আব্দুস ছাত্তার খানদারের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে এবং আশাশুনি উপজেলার বেউলা গ্রামের মকবুল সরদারের বাড়িতে বুধবার রাতে বিষধর সাপগুলো মারা হয়।
রাজশাহীর তানোরের বাড়ির মালিকের নাম আক্কাস আলী। তাঁর বাড়ি পৌর এলাকার ভদ্রখণ্ড মহল্লায়। রান্নাঘরটি খড়ের বেড়া দিয়ে ঘেরা। মেঝে মাটির।
আক্কাস আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর স্ত্রী হাসনা বিবি রান্নাঘরে ঢোকেন রান্না করতে। সেখানে তিনি একটি সাপ দেখে চিৎকার করে ওঠেন। স্ত্রীর চিৎকারে আক্কাস আলী রান্নাঘরে ছুটে যান। পরে তাঁর দুই ছেলে হাসিবুর রহমান ও আজিবুর রহমানও আসেন। বাবা ও ছেলেরা মিলে সাপটি মেরে ফেলেন। এরপর একে একে রান্নাঘরের কোনায় থাকা ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসতে থাকে বাকি সাপগুলো। তাঁরা সেগুলোও মারতে থাকেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন গিয়ে তাঁদের সঙ্গে যোগ দেন। সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত সব মিলিয়ে ১২৫টি সাপ মারেন তাঁরা।
আক্কাস আলী আরও জানান, সাপগুলো লম্বায় এক থেকে দেড় ফুট। সেগুলো মারার পর গর্ত খুঁড়ে ১৩টি ডিম পাওয়া যায়। ডিমগুলোও ভেঙে ফেলা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন এবং শহীদ এ এইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ উদ্দিন বলেন, যেকোনো বন্য প্রাণী ধরা পড়লে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানো উচিত। তাঁদের বন্য প্রাণী উদ্ধারের একটি দল রয়েছে। তিনি আরও বলেন, বাড়ির পাশে ঝোপঝাড় বা ডোবা থাকলে অথবা পুরোনো বাড়ির মাটির গর্তে সাপ থাকার সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে বাড়িতে কার্বলিক অ্যাসিড রাখলে সাপ আসতে পারে না।
সাতক্ষীরা সদরের বাইলুগাছ গ্রামের আব্দুল গফ্ফার খানদার বলেন, তাঁর ভাই আব্দুস ছাত্তার খানদার ভ্যানচালক। তিনি মাটির ঘরে বসবাস করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের মা রূপবান বিবি ঘরে কাজ করছিলেন। হঠাৎ একটি গোখরা সাপ তাঁর পায়ের ওপর উঠে আসে। তাঁর চিৎকারে বাড়ির সবাই এসে সাপটি মেরে ফেলেন। এর দৈর্ঘ্য ছিল প্রায় তিন ফুট। রাত সাড়ে আটটার দিকে আরও একটি সাপকে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে দেখা যায়। আব্দুস ছাত্তার ওই সাপটিকেও মেরে ফেলেন। এরপর ঘরে চৌকির তলার একটি গর্ত দেখতে পেয়ে তা খোঁড়া শুরু করেন। এবার একে একে আরও ৫৪টি সাপ বেরিয়ে আসে। তাঁরা সাপগুলো মেরে ফেলেন। এ সময় গর্তের মধ্যে ৫০টি ডিমও পাওয়া যায়।
আশাশুনি উপজেলার বেউলা গ্রামের মকবুল সরদার বলেন, বুধবার সন্ধ্যায় তাঁর মাটির ঘরের মেঝের একটি গর্ত থেকে একটি গোখরা সাপ বেরিয়ে আসে। পিটিয়ে সাপটি তিনি মেরে ফেলেন। কিছুক্ষণ পর গর্ত থেকে একে একে আরও সাপ বের হতে থাকে। প্রতিবেশীদের জানালে তাঁরা এসে ১৯টি সাপ মারেন। সাপগুলো প্রায় দেড় ফুট করে লম্বা।