রাজশাহীতে এবার শিবিরের নেতার গোড়ালি কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ছাত্রশিবিরের এক নেতাকে গুলি করে ও তাঁর ডান পা কেটে গোড়ালি বিচ্ছিন্ন করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাসেল আলম নামের ওই নেতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনে এ ঘটনা ঘটে।
রাসেল বিশ্ববিদ্যালয়ের িফন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং নবাব আবদুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক।
এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে শিবির। তবে ছাত্রলীগের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আধা বেলা হরতাল ডেকেছে শিবির।
গত ২৯ এপ্রিল ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা আবদুল্লাহেল মাসুদের এক পায়ের পাতা বিিচ্ছন্ন করার ঘটনা ঘটে। ওই ঘটনার জন্য শিবিরকে দায়ী করছে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল বেলা একটা থেকে আরবি বিভাগের চতুর্থ বর্ষের ৪০৭ নম্বর কোর্সের পরীক্ষা চলছিল। পরীক্ষায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মানবসম্পদবিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু অংশ নিচ্ছেন—এমন খবর পেয়ে বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জন নেতা-কর্মী শহীদুল্লাহ্ কলাভবনের সামনে অবস্থান নেন। এ সময় শহীদুল্লাহ্ কলাভবনের বাইরে দাঁড়িয়ে ছিলেন শিবিরের নেতা রাসেল। বিষয়টি টের পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাসেলকে আটকে রাখেন। এরপর তৌহিদের নেতৃত্বে কয়েকজন পরীক্ষার হলে গিয়ে জিয়াউদ্দিনকে ধরার চেষ্টা করেন। কিন্তু শিক্ষকদের বাধার মুখে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে বেরিয়ে পুনরায় শহীদুল্লাহ্ কলাভবনের সামনে অবস্থান নেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেল পৌনে চারটার দিকে নগরের মতিহার থানার পুলিশ গিয়ে পরীক্ষার হল থেকে শিবিরের নেতা জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। জিয়াউদ্দিনকে নিয়ে যাওয়ার পর শহীদুল্লাহ্ কলাভবনের সামনে থাকা একটি গাছের বেদিতে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। চারটা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ফয়সাল আহমেদ, কাওসার আহমেদ, গোলাম কিবরিয়া, সাবরিন জামিলসহ সাত-আটজন মিলে রাসেলকে কলাভবনের ভেতরে নিয়ে যান। এ সময় পুলিশের চারটি গাড়ি ভবনের সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর কলাভবনের ভেতর থেকে দুটি গুলির শব্দ পাওয়া যায়। পরে ভেতরে যাওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে যান। ভেতরে গিয়ে দেখা যায়, রাসেল ভবনের সিঁড়ির নিচে পড়ে গোঙাচ্ছেন। পুলিশ তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক তোফাজ্জল হোসেন বলেন, রাসেলের ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। দুই ঊরুতেও গুলি করা হয়েছে। এ ছাড়া ডান হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে উপস্থিত মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতকারীরা রাসেলের পা কেটে দেয়।
বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক লাবিব আবদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা রাসেলের ওপর হামলা চালিয়েছে৷ তবে ছাত্রলীগের নেতা তৌহিদ আল হোসেন দাবি করেন, শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ভাঙচুর-অগ্নিসংযোগ: শিবিরের নেতা রাসেলের ডান পা বিচ্ছিন্ন করার ঘটনার প্রতিবাদে ডাকা আজকের অর্ধদিবস হরতালের সমর্থনে রাজশাহী নগরের বিভিন্ন স্থানে গতকাল গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।