রাজশাহীতে এবারও বার্ড ফ্লুতে মরছে কাক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এবারও কাক মরে গাছ থেকে পড়ছে। অসুস্থ কাক উড়তে পারছে না। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কাক মারা যাচ্ছে। গত বছর ফেব্রুয়ারি মাসে একইভাবে হাসপাতাল চত্বরে কাক মারা যাওয়ার ঘটনা ঘটেছিল।
গতকাল বুধবার বিকেলে হাসপাতালের বাইরে আট-দশটি কাক মরে পড়ে থাকতে দেখা গেছে। আরও কয়েকটি কাককে মাটিতে বসে থাকতে দেখা গেল। কোনোটি মাথা তুলতে পারছে না। কোনোটি বসে আছে, মানুষ কাছে গেলেও উড়তে পারছে না।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত বছরও একই অবস্থা হয়েছিল। এবার দু-একটি কাক মরা শুরু হতেই তাঁরা মহাখালীর রোগতত্ত্ব ও রোগনিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) খবর পাঠিয়েছিলেন। সেখান থেকে গত সপ্তাহে ছয় কর্মকর্তা এসেছিলেন। তাঁরা নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। তিনি আরও বলেন, হাসপাতাল এলাকায় যাতে বেশিসংখ্যক কাক বসতে না পারে, সে জন্য তাঁরা গাছের ডালপালা ছেঁটে দিচ্ছেন। মরা কাক পাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে পুঁতে ফেলছেন। গত বছর এই এলাকায় মৃত কাকের শরীরে এইচ-ফাইভ এন-ওয়ান ভাইরাস পাওয়া গিয়েছিল। তিনি বলেন, এটিই বার্ড ফ্লুর ভাইরাস।
আইইডিসিআরের স্বাস্থ্য কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁদের দল ১৩ জানুয়ারি থেকে রাজশাহীতে গিয়ে কাজ করেছে। তাঁদের পাঁচজন ১৯ জানুয়ারি পর্যন্ত এবং তিনি গত মঙ্গলবার পর্যন্ত রাজশাহীতে ছিলেন। এই কর্মকর্তা বলেন, কাকের মৃত্যুর কারণ সম্পর্কে তাঁরা কিছু বলতে পারবেন না। তবে এই দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই ভাইরাস মানবদেহে ছড়ায় না।
তবে প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহীর বোয়ালিয়া থানার প্রাণিসম্পদ কর্মকর্তা ইয়ামিন আলী জানিয়েছেন, কাকের নমুনা ঢাকায় তাঁদের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্রে পরীক্ষা করা হয়েছে। তাঁরা নিশ্চিত হয়েছেন যে বার্ড ফ্লুতেই আক্রান্ত হয়ে রাজশাহীতে কাক মরছে।
গত বছর প্রাণিসম্পদ অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের কর্মকর্তারা এই কাজে রাজশাহীতে এসেছিলেন। তাঁরা রাজশাহী নগরের কাকের খাদ্যের উৎস পরিদর্শন করে সিটি করপোরেশনের কর্তৃপক্ষকে নগরের উচ্ছিষ্ট ব্যবস্থাপনা উন্নয়নের সুপারিশ করে গিয়েছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি বিশেষজ্ঞ দলও এসেছিল। তারা নগরের বিভিন্ন জায়গা থেকে অসুস্থ ও মৃত কাকের লালা, রক্ত ও মল সংগ্রহ করে নিয়ে যায়। পরে তাঁরা কাকের বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।