রাজশাহীতে এসএমই পণ্য মেলা শুরু
রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলা’ গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। নগর ভবনের গ্রিন প্লাজায় গতকাল বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম বলেন, অন্যান্য বৃহৎ শিল্পের চেয়ে এসএমই আলাদা। এর আলাদা বৈশিষ্ট্যের কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হবে। কারণ এ শিল্পের সঙ্গে সম্পৃক্তদের নয়টা থেকে পাঁচটা অবধি কাজের সময় নির্ধারণ করা নেই। তাঁরা সকাল থেকে রাত সব সময় কাজ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কষ্ট করতে জানে, চ্যালেঞ্জ করতে জানে। তাদের দরকার একটি নেতৃত্ব, একটু সহযোগিতা ও সহায়ক পরিবেশ। এটা পেলে বাংলাদেশের মানুষ যে অসাধ্য সাধন করে, আজকের এই এসএমই মেলা তার প্রমাণ। রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুনির হোসেন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মনিরুজ্জামান।