রাজশাহীতে ওলামা পরিষদের মিছিলে শিশু-কিশোরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শুক্রবার জাতীয় ওলামা পরিষদের ব্যানারে বের করা জামায়াত-শিবিরের মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে সিংহভাগই ছিল শিশু-কিশোর। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন মাদ্রাসায় গণসংযোগ চালিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের এ মিছিলে ধরে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে শাহবাগবিরোধী বক্তব্য দিয়ে মানুষকে মিছিলে নিয়ে আসার চেষ্টা করা হয়। নগরের কুমারপাড়া এলাকা দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিলের ভেতর থেকে কয়েকজন শিশু তাদের বন্ধুদের মিছিলে যাওয়ার জন্য ডাকতে থাকে। তাদের ডাকে সাড়া না দিয়ে ওরা বলে, ‘তোরাই ইটপাটকেল খা-গা।’—বলতে বলতে তারা পাশের দোকানের মধ্যে ঢুকে যায়। ওই শিশুরা দোকানে কাজ করে। এই মিছিলকারীরা মিছিল নিয়ে নগরের আলুপট্টির মোড়ে এসে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের গাড়িতে হামলার চেষ্টা করে। পরে সেখানে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে স্থাপন করা গণজাগরণ মঞ্চে তারা ভাঙচুর চালায়। তারাই ফেরার সময় আবার আওয়ামী লীগের কার্যালয়ের কাছে এসে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, ওলামায়ে মাশায়েখের নামে এখানে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন। পুলিশের শক্ত অবস্থানের কারণে তাঁরা তেমন ক্ষতি করতে পারেননি। রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সৈয়দ সাফিকুল আলম বলেন, জামায়াত-শিবির ধর্মের নামে এই শিশু-কিশোরদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এ জন্য তাদেরই এ ধর্ম থেকে বিতাড়িত করা উচিত।