রাজশাহীতে ওষুধ কোম্পানির শ্রমিকদের বিক্ষোভ
নারী শ্রমিকদের রাতের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এবং তাঁদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে একটি ওষুধ কোম্পানির শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার দুপুরে রাজশাহী নগরের টিকাপাড়ায় অবস্থিত কেমিকো ফার্মাসিউটিক্যালস নামের ওই কোম্পানির স্থানীয় শাখায় এ বিক্ষোভ হয়।
বিক্ষোভ শেষে শ্রমিকেরা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজশাহী সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে অভিযোগ দেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, প্রতিষ্ঠানটিতে প্রায় সাড়ে ৩০০ নারী ও ১০০ পুরুষ শ্রমিক আছেন। দিনে মাত্র ১০০ টাকা মজুরির ভিত্তিতে নারী শ্রমিকেরা কাজ করেন। আর পুরুষেরা পান ১৮০ টাকা করে। শ্রমিকদের অভিযোগ, কোনো শ্রমিক অসুস্থ হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁকে কোনো চিকিৎসাভাতা তো দেওয়া হয়ই না, বরং অনুপস্থিত থাকলে বেতন কেটে নেওয়া হয়। এ ছাড়া ছুটির দিনগুলোর মজুরিও দেওয়া হয় না। এরই মধ্যে বেতন না বাড়িয়ে সম্প্রতি শ্রমিকদের কর্মঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের অভিযোগ, তাঁদের অসুবিধার কথা গতকাল সকালে কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) ফজলুল হকের সঙ্গে দেখা করে তাঁকে জানানো হয়। তখন নারীদের রাতের পালা বাতিলের অনুরোধও করা হয়। এই প্রস্তাবে জিএম তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা বেলা ১১টার দিকে শহরের সাগরপাড়া-টিকাপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ বিষয়ে কথা বলতে কেমিকো ফার্মাসিউটিক্যালসের রাজশাহী শাখার জিএম ফজলুল হকের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।